অনলাইনে উচ্চশিক্ষা সারা বিশ্বে একটি স্বীকৃত শিক্ষামাধ্যম। এটি শেণিকক্ষে পাঠদানের সমতুল্য না হলেও বিকল্প ব্যবস্থা। এই ব্যবস্থায় ছাত্র-শিক্ষক সম্পর্ক যতটা না আত্মিক হয় তার চেয়ে বেশি হয় প্রফেশনাল। ফলে ছাত্র-শিক্ষকের মধুর সম্পর্ক বা পাঠদানের কলাকৌশল বিষয়ে যে প্রচলিত ধারণা সেটা কম পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে ডিজিটাল টেকনোলজির আশীর্বাদ, আর্থিক সাশ্রয়ী, নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব বিবেচনায় অনলাইন শিক্ষা কার্যক্রম ক্রমাগত জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্বের অনেক নামি প্রতিষ্ঠান, যারা শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠিত তারাও অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে অনলাইন উচ্চশিক্ষা কতটা যৌক্তিক বা অন্যভাবে বললে আমরা কতটুকু প্রস্তুত। যদিও আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে অনেকখানি অগ্রসর হয়েছি, তথাপি অনলাইনে উচ্চশিক্ষা পরিচালনা করার মতো অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। যার মধ্যে দেশব্যাপী দ্রুতগতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা অন্যতম। ক্লাসরুমের বিকল্প হিসেবে অনলাইনে শিক্ষাসেবা দেওয়ার জন্য যেসব আধুনিক টেকনিক্যাল সাপোর্ট বা প্ল্যাটফর্ম প্রয়োজন, সেগুলোও আমাদের নেই, তবে তৈরি করা সম্ভব। সর্বোপরি আমরা মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম না। এর অন্যতম কারণ এ বিষয়ে আমরা এত দিন তেমন কোনো চিন্তাভাবনা করিনি।

প্রয়োজনের তাগিদে এখন আমরা চিন্তা করছি বা করতে বাধ্য হয়েছি, কারণ ‘করোনা মহামারি’। বর্তমান প্রেক্ষাপটে করোনর আয়ুষ্কাল সম্পর্কে সঠিক কোনো তথ্য না থাকায় প্রায় ৪০ লাখ ছাত্র-ছাত্রীর ভবিষ্যত্ অনিশ্চিত। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় এ বিষয়ে সবাই একমত। বিশেষজ্ঞদের মতে, করোনার আয়ুষ্কাল যদি দু-এক বছর স্থায়ী হয়, তাহলে এসব ছাত্র-ছাত্রীর ভবিষ্যত্ কী?
অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হলে ছাত্র-ছাত্রীদের অফুরন্ত অবসর সময় কিছুটা কাজে লাগবে এবং তাদের মনোবল চাঙ্গা হবে। অনিশ্চিত ভবিষ্যত্ থেকে তাদের স্বস্তি ফিরে আসবে এবং পাঠ্যক্রম এগিয়ে যাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যেকোনো সময় অনলাইন থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে যেতে পারব। আর যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা অব্যাহত রেখেছে। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন শুরু না করলে ছাত্র-ছাত্রীরা ভয়ানক সেশনজটের কবলে পড়বে, এমনিতেই তাদের বিভিন্ন কারণে সেশনজটের শিকার হতে হয়। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৈষম্যের শিকার হবে এবং চাকরির আবেদনের ক্ষেত্রে পিছিয়ে যাবে।
উপরোক্ত বাস্তবতার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস শুরু করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ শতাংশ ছাত্র-ছাত্রীর অনলাইনে ক্লাস করার আর্থিক ও কারিগরি সক্ষমতাসহ আরো কিছু প্রতিবন্ধকতা বিভিন্ন মাধ্যম এবং সুধীজনের মতামত থেকে উঠে এসেছিল। সরকার অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। অনলাইন ক্লাসে ছাত্রদের উপস্থিত আশানুরূপ হবে না, এটাই বাস্তবতা। বর্তমানে অনলাইন ক্লাসে ছাত্র-ছাত্রী উপস্থিতি প্রায় ৫০ শতাংশ। কোনো কোনো সহকর্মীর ক্লাসে উপস্থিতির চিত্র আরো করুণ। এর অন্যতম কারণ ইন্টারনেট স্পিড এবং ডাটা প্যাক কেনার সামর্থ্য। ইন্টারনেট নেটওয়ার্ক অবকাঠামোর দ্রুত উন্নতি সম্ভব নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ছাত্র তাদের পড়াশোনা ও দৈনন্দিন খরচ চলে টিউশনি করে। করোনাকালে সেই উপার্জনও বন্ধ। পারিবারিক আয় কমে যাওয়ায় তারা বিপাকে। অনলাইনে ক্লাস করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা জোগান দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। আর যারা ক্লাস করছে, হয়তো তাদের পক্ষেও বেশিদিন কনটিনিউ করা সম্ভব হবে না।
ছাত্র-ছাত্রীদের ইন্টারনেটসুবিধা দেওয়ার জন্য ডাটা প্যাক প্রদানের চিন্তাভাবনা সরকার করছে বলে শোনা গেলেও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। দেশের মোবাইল অপারেটর কম্পানিগুলো এই ক্রান্তিকালে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে পারে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষককের সম্মিলিত প্রচেষ্টায় সহযোগিতার সুযোগ রয়েছে।
প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়ম-কানুন অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। কাজেই যেকোনো প্রতিষ্ঠান নিজে উদ্যোগী হয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও পরীক্ষা গ্রহণের স্বতন্ত্র কৌশল প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করতে পারে। ছাত্র-ছাত্রীর সংখ্যার বিচারে ছোট ও মাঝারি বিশ্ববিদ্যালয়গুলো যাদের অধিভুক্ত কলেজ নেই বা থাকলেও সংখ্যায় অনেক কম, তারা অনেকটাই সুবিধাজনক অবস্থায় আছে। প্রায় ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যাদের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০ হাজারের কম। এর মধ্যে প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী আবার পাঁচ হাজারের নিচে। এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ অনেকটাই সহজ। ছোট এবং অপেক্ষাকৃত নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় ছাত্র-ছাত্রী অনুপাতে সম্ভবত বাজেট কিছুটা বেশি থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি এ বিষয়ে চিন্তাভাবনা করতে পারে। যদিও সব ছাত্র-ছাত্রীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা কঠিন, তথাপি অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করা যেতে পারে।
অনলাইনে উচ্চশিক্ষার প্রতিবন্ধকতাগুলো চিন্তিত হয়েছে। আমাদের আর্থিক ও কারিগরি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে বের করতে সরকারসহ বিশ্ববিদ্যালয়গুলোর চিন্তাভাবনা করা দরকার। এরই মধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস কার্যক্রম নিয়ে সংশয় দেখা দিয়েছে। কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তহীনতায় অনলাইনে উচ্চশিক্ষা মাঝপথে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
লেখক : সহযোগী অধ্যাপক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়









