আন্তর্জাতিক

প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন লিডসম, থেরেসা মে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৬১ মিনিট পড়া
তেরেসা মে
সিল্কসিটিনিউজ ডেস্ক:
‌ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী  থেরেসা মে। প্রধানমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা থেকে আন্দ্রেয়া লিডসমের সরে দাঁড়ানোর পর থেরেসা মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ দলের প্রধান হিসেবে নির্বাচিত হলেন।
দলের প্রধান হিসেবে থেরেসা মে নির্বাচিত হবার পরই আকস্মিকভাবে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন। আগামী বুধবার প্রাইমিনিস্টার কোয়েশ্চেন টাইমের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন থেরেসা।
হাউজ অব কমন্সে শেষ বারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার পর প্রথা অনুযায়ী বার্কিংহ্যাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরন তার পদত্যাগপত্র প্রদান করার পরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন থেরেসা।
কনজারভেটিভ দলের প্রধান হিসবে নির্বাচিত হবার পর নিজেকে অত্যন্ত সম্মানিত বলে মনে করছেন থেরেসা। দলীয় প্রধান হিসেবে দেওয়া তার বক্তৃতায় থেরেসা বিগত দিনগুলোতে ব্রিটেনকে নেতৃত্ব দেওয়ার জন্য ডেভিড ক্যামেরনের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু করা এবং অর্থনীতিতে গতি সঞ্চার করা।