অর্থ ও বাণিজ্য

পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে আসছে ই-ওয়ালেট

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জীবনমান উন্নয়নের লক্ষ্যে ই-ওয়ালেট সেবা চালু হচ্ছে পোশাক শ্রমিকদের জন্য। ‘আরএমজি ডিজিটাল ওয়ালেট’ বা ই-ওয়ালেটের মাধ্যমে পোশাক শিল্পের শ্রমিকদের ডিজিটাল পদ্ধতিতে মজুরি প্রদান করা হবে। এ লক্ষ্যে বিজিএমইএর সঙ্গে চুক্তি করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।

বৃহস্পতিবার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে বিজিএমইএর সভাপতি ডক্টর রুবানা হকের সভাপতিত্বে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও বিজিএমইএর সচিব আবদুর রাজ্জাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গার্মেন্টস শিল্প শ্রমিকরা দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে যুক্ত হল একটি বড় উদ্যোগ পোশাক শিল্প শ্রমিকদের জন্য ডিজিটাল ওয়ালেট।

তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতিতে বেতন প্রদান করা হলে পোশাক শিল্প শ্রমিকদের বেতন প্রদানের স্বচ্ছতা কেনাকাটাসহ আর্থিক লেনদেন সহজ হবে। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, এই ডিজিটাল ওয়ালেটের ফলে পোশাক শিল্পের শ্রমিক ভাইবোনরা অর্থ নিরাপত্তা পাবেন, তাদের অর্থ সাশ্রয় হবে, তারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন, বিদ্যুৎসহ সব সেবার বিল সহজেই পরিশোধ করতে পারবেন।