সিল্কসিটিনিউজ ডেস্ক:
পুজোয় এবার নোট পরীক্ষা হবে বেলেঘাটা মিত্র সংহতির পুজো মণ্ডপে! নকল নোটের মধ্যে থেকে আসল নোট চিনে নিতে পারলেই সেই টাকা পেয়ে যাবেন দর্শনার্থী!
ওই পুজো কমিটির কার্যকরী সম্পাদক বাপি দাস জানালেন, এবছর তাঁদের থিম ‘নোট বন্দী না মানুষ বন্দী’। সেই থিম অনুযায়ী, পুজো মণ্ডপের মাঝের অংশে থাকছে একটি বড় গাছ। তা থেকে ঝুলিয়ে দেওয়া হবে ৫০০ টাকা ও এক হাজার টাকার বাতিল এবং সমমূল্যের নোটের প্রতিরূপ। এসবের মধ্যে থাকবে ৫০০ টাকার কিছু আসল নোটও। বাপির কথায়, ‘‘যে দর্শনার্থী আসল নোট চিনতে পারবেন, তাঁকে সেই নোট দিয়ে দেওয়া হবে।’’ নোট চেনাতে হবে ‘লেসার পয়েন্টার’ দিয়ে।

বেলেঘাটার সুরেন সরকার রোডের এই পুজোর বয়স ৭৬ বছর। মণ্ডপ সজ্জার দায়িত্বে শিল্পী প্রসেনজিৎ হালদার। তিনি জানালেন, ৫৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া মণ্ডপের সজ্জায় তুলে ধরা হবে নোট বাতিলের পরে সাধারণ মানুষের দুর্দশার ছবি।
ওই মণ্ডপের ভিতরের অংশ তৈরি হচ্ছে পুরনো বাড়ির আদলে। যে ‘বাড়ি’র উঠোনে থাকবে ‘টাকার গাছ’। প্রসেনজিৎ জানান, মণ্ডপ সজ্জার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমার সামনে রাখা হবে এটিএমের মডেল। দেখানো হবে, নোট বাতিলের পরে এটিএমের বাইরে মানুষের লম্বা লাইনের দৃশ্য।
থিমের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে উদ্বোধনে আসার জন্য চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন ওই পুজো কমিটির সদস্যেরা। প্রসঙ্গত, গত নভেম্বরে নোট বাতিলের পরে দেশ জু়ড়ে প্রতিবাদ ও আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা।










