সদ্য প্রকাশিত
খেলা

পিএসএলে দল পেয়ে যা বললেন নাহিদ রানা

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
পিএসএলে দল পেয়ে যা বললেন নাহিদ রানা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী মাস থেকে শুরু হবে পিএসএলের একাদশ আসর। এই আসরে বাংলাদেশ থেকে ৪ জন ক্রিকেটারকে দেখা যাবে, যার মধ্যে একজন হলেন টাইগার পেসার নাহিদ রানা। গত আসরের মতো এবারও পেশোয়ার জালমির হয়ে খেলার কথা রয়েছে তার।

গতবার পেশোয়ারের স্কোয়াডে থাকলেও নাহিদ কোনো ম্যাচ খেলেননি, ফলে তার পিএসএলে অভিষেক হয়নি। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়ে গেলেও এরপর আর পাকিস্তানে যাননি নাহিদ। তবে এবারের আসরে আবার তাকে দলে নিয়েছে পেশোয়ার।

নিলামে দ্বিতীয় ডাকে নাহিদকে দলে নেয় পেশোয়ার। প্রাথমিক ভিত্তিমূল্যের চেয়ে কম দামে তা দলে টানে ফ্র‍্যাঞ্চাইজিটি। যদিও দ্বিতীয় ডাকে তাকে নেওয়া হলেও, নিলামের আগেই পেশোয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন নাহিদ, এমনটি নিজেই জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজশাহীতে বিসিএল ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ। পিএসএল নিয়ে তিনি বলেন, ‘ড্রাফটের আগে পেশোয়ার জালমি আমার সাথে যোগাযোগ করেছিল। আমি জানি, ম্যাচ তো আমার হাতে নেই, তবে আমি চেষ্টা করছি পারফর্ম করতে এবং উন্নতি করতে। এটাই সবসময় আমার লক্ষ্য থাকে।’

নাহিদের পাশাপাশি এবারের পিএসএলে আরেক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানও খেলবেন, তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। এ বিষয়ে নাহিদ বলেন, ‘যখনই মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে খেলা হয়, তখন ক্রিকেট নিয়ে কথা হয়। আমাদের আলোচনায় একটাই বিষয় ছিল, কিভাবে একুরেসি আরও উন্নত করা যায়।’

 

সূত্র: যুগান্তর