সিল্কসিটিনিউজ ডেস্ক:


ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথের বিরতিহীন আন্ত:নগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। পরে কাচের বদলে হার্ডবোর্ড লাগিয়ে আপাত সমাধান করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আযম কালের কণ্ঠকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি বৃহস্পতিবার রাতে লাকসাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার তিন-চার মিনিট পর চলন্ত ট্রেনটিতে পাথর ছোড়া হয়। এতে ট্রেনের ‘জ’ বগির মাঝামাঝি একটি জানলার কাচ ভেঙে যায়। বিষয়টি আমাদেরকে জানানো হলে আখাউড়ায় অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে কাচের বদলে হার্ডবোর্ড লাগানো হয় জানালায়।
সূত্র: কালেরকন্ঠ










