সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানের জনগণের আতিথেয়তা ও বন্ধুত্ব সবচেয়ে বেশি মিস করব

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২৫৩ মিনিট পড়া
পাকিস্তানের জনগণের আতিথেয়তা ও বন্ধুত্ব সবচেয়ে বেশি মিস করব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৪ সালের আগস্টে করাচিতে মার্কিন কনস্যুলেট জেনারেল হিসেবে দায়িত্ব নেন স্কট উরবম। গত ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে কাজ শেষ করেন। পাকিস্তানে কাটানো এই এক বছরের অভিজ্ঞতা লিখেছেন মার্কিনি কূটনৈতিক। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভিতে প্রকাশিত নিবন্ধে আক্ষেপ করেছেন উরবম, প্রশংসা করেছেন, কখনো আবেগে আপ্লুত হয়েছেন। একই সঙ্গে পাকিস্তান ও ‍যুক্তরাষ্ট্রের ব্যবসা-বন্ধুত্ব-বাণিজ্যের সম্পর্ক নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।

স্কট উরবমের নিবন্ধে লিখেছেন—

করাচিতে মার্কিন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পর আমি পাকিস্তানের জনগণকে—বিশেষত সিন্ধ ও বেলুচিস্তানের মানুষদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আমাকে এবং আমার টিমকে অসাধারণ আন্তরিকতা ও আতিথেয়তা দেখিয়েছেন। করাচিতে কাটানো সময় এবং যুক্তরাষ্ট্র-পাকিস্তান অংশীদারিত্বের বড় সম্ভাবনা সম্পর্কেও কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই।

আমাদের অংশীদারিত্বের সবচেয়ে বড় সম্ভাবনা অর্থনৈতিক সম্পর্কের। ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। তবে সামনে আরও অনেক বেশি উন্নতির সুযোগ থাকছে।

এই বছর শুরুর দিকে পোর্ট কাসিমে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সৌভাগ্য হয়েছিল। যেখানে পাকিস্তানের বাজারে মার্কিন সয়াবিন আমদানির পথ খুলে যাওয়ার উদযাপন করা হয়। এটি গুরুত্বপূর্ণ মার্কিন রপ্তানি পণ্য; যা পাকিস্তানে খাদ্য ব্যয় কমাতে সাহায্য করবে।

আমি অসংখ্য পাকিস্তানি ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছি; যারা উচ্চমানের মার্কিন তুলা কিনছেন। তুলা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানি পণ্য। সেসব তুলা দিয়ে তৈরি পাকিস্তানি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে; যা পাকিস্তানের সবচেয়ে বড় রপ্তানি বাজার।

বেলুচিস্তানের মন্ডেলেজ চকলেট ও ট্যাং কারখানা এবং হায়দরাবাদের কোলগেট কারখানা পরিদর্শন করে দেখেছি, কিভাবে মার্কিন কোম্পানিগুলো সিন্ধ ও বেলুচিস্তানে হাজারো পাকিস্তানি নারী-পুরুষের জন্য কর্মসংস্থান তৈরি করছে। একই সঙ্গে এসব কোম্পানি শিক্ষা ও স্বাস্থ্য খাতে উদার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়েরও সহায়তা করছে। একইসঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান দেশটির অর্থনীতির বিরাট সম্ভাবনাকে উন্মোচন করতে পারে। এতে উভয় দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।

আমার দায়িত্বকালে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতাগুলোর একটি ছিল পাকিস্তানের তরুণ নেতৃত্ব ও উদ্ভাবকদের সঙ্গে কাজ করা। এদের অনেকেই যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে এক্সচেঞ্জ প্রোগ্রামের সাবেক শিক্ষার্থী। যারা বর্তমানে পাকিস্তান-যুক্তরাষ্ট্র অ্যালামনাই নেটওয়ার্কের (চটঅঘ) অংশ। এই নেটওয়ার্কে পুরো পাকিস্তানে ৪৫,০০০ হাজারেরও বেশি সদস্য রয়েছে।

সিন্ধ ভ্রমণের সময় শুক্কুর ও জ্যাকোবাদ থেকে শুরু করে হায়দরাবাদ ও জামশোরো পর্যন্ত— অসংখ্য অ্যালামনাইয়ের সঙ্গে দেখা করেছি। যারা যুক্তরাষ্ট্র থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছেন।

করাচিতে আমি শত শত প্রতিভাবান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকের সঙ্গে সাক্ষাৎ করেছি। এর মধ্যে ছিলেন একদল পাকিস্তানি নারী উদ্ভাবক, যারা যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দক্ষিণ এশীয় আঞ্চলিক নারী উদ্ভাবক মেন্টরশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনা ও পাকিস্তানি হস্তশিল্পের বাজারে প্রবেশের মতো সমস্যার সমাধান করছেন। এই তরুণদের উদ্যোক্তা মনোভাব ও উদ্ভাবনী শক্তি আমাকে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আশাবাদী করেছে।

আমি খেলাধুলার একজন বড় ভক্ত হিসেবে করাচিতে স্পোর্টস ডিপ্লোমেসির অসাধারণ স্মৃতিগুলো বুকে নিয়ে যাব। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের ক্রিকেট দলকে সমর্থন করা, করাচিতে আয়োজিত অনুর্ধ্ব-২৩ ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে কিংবদন্তি জাহাঙ্গীর খানের সঙ্গে দেখা করা আর মার্কিন কনস্যুলেটে পাকিস্তানি শিক্ষার্থী ও পাকিস্তান সফটবল ফেডারেশনের সদস্যদের সঙ্গে সফটবল খেলা। এসব মুহূর্ত আমাদের দুই দেশের খেলাধুলার প্রতি যৌথ ভালোবাসার এবং খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করার শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

করাচিতে মার্কিন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি। তবে আমি সবচেয়ে বেশি মিস করব, পাকিস্তানের জনগণকে। আপনাদের আতিথেয়তা, দয়াপ্রবণতা, দৃঢ়তা ও বন্ধুত্ব মনে রাখব। যদিও পাকিস্তানে আমার সহকর্মী ও বন্ধুদের কাছ থেকে বিদায় নেওয়া আমার জন্য দুঃখজনক। আমি করাচি ছেড়ে যাচ্ছি এই বিশ্বাস নিয়ে যে, যুক্তরাষ্ট্র-পাকিস্তান অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও বিকশিত হবে এবং সমৃদ্ধ হবে।

 

সূত্র: যুগান্তর