সিল্কসিটিনিউজ ডেস্ক :
হান্ড্রেড নিলাম ২০২৬-এ পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে কিনে নিয়েছে সানরাইজার্স লিডস। কিন্তু এই খবর প্রকাশ হওয়ার পরপরই অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। উগ্রবাদীদের তোপের মুখে পড়ে যায় আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।
ফ্র্যাঞ্চাইজি এক্সে এই ঘোষণা দিলে সেই পোস্টে নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়। অনেক সমর্থক আইপিএলের সঙ্গে সংযুক্ত একটি দলের পাকিস্তানি খেলোয়াড় কেনার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। কেউ কেউ সানরাইজার্স লিডসের সহ-মালিক কাব্য মারানকেও আক্রমণ করেন।

২৭ বছর বয়সী এই লেগ-স্পিনারকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনেছে সানরাইজার্স লিডস। এই দলটি পরিচালনা করে একই গোষ্ঠী যারা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ চালায়।
নিলামের আগে থেকেই জল্পনা ছিল যে আইপিএল-সংযুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলো ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে যাবে। ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের কোনো খেলোয়াড় আইপিএলে খেলতে পারেননি। দুই দেশ শুধু বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি হয়।
তবে নিলামের আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং আট ফ্র্যাঞ্চাইজি একটি যৌথ বিবৃতি দিয়েছিল। সেখানে স্পষ্ট করা হয়েছিল যে খেলোয়াড় বাছাই হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। বিবৃতিতে বলা হয়েছিল, বাছাই হবে ‘পারফরম্যান্স, প্রাপ্যতা এবং প্রতিটি দলের চাহিদার’ ভিত্তিতে। মূলত সে কারণেই লিডসে নাম লেখাতে পেরেছেন আবরার। তাতেই তার দল তোপের মুখে পড়ে গেছে ভারতে।
ভারতে উগ্রবাদীদের দৌরাত্ম্য অবশ্য নতুন কিছু নয়। এর আগে চলতি বছরের শুরুতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে একাধিক উগ্রবাদী গোষ্ঠী চাপ দিতে থাকে, যার সামনে নতি স্বীকার করে শেষমেশ বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজকে সরিয়ে দিতে। এর জের ধরে এরপর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেও খেলতে যায়নি বাংলাদেশ।
এবার আবারও ভারতীয় এক ফ্র্যাঞ্চাইজি তোপের মুখে পড়ল, এবার অবশ্য পাকিস্তানি ক্রিকেটারকে দলে টেনে। কলকাতার মতো পরিণতি সানরাইজার্স লিডসেরও হয় কি না, তা সময়ই বলে দেবে।
আবরার বাদে পাকিস্তানি খেলোয়াড়দের মাঝে দল পেয়েছেন শুধু উসমান তারিক। পাকিস্তানি স্পিনারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
তবে আবরার-উসমানকে কিনলেও পাকিস্তানের অনেক খেলোয়াড়ের ভাগ্য ভালো হয়নি। পেসার হারিস রাউফ তার ১ লাখ পাউন্ডের সর্বনিম্ন মূল্যেও কোনো বিড পাননি। আর শাহিন শাহ আফ্রিদি নিলাম শুরুর আগেই সরে যান।
নারী নিলামেও পাকিস্তান হতাশ হয়েছে। ফাতিমা সানা ও সাদিয়া ইকবাল কোনো বিড পাননি।










