পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের হামলা, নিহত ৯ ফিলিস্তিনি
Silk City২৮ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন, তুলকার্ম ও তুবাস শহরে বড় ধরনের ইসরায়েলি হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বুধবার এক প্রতিবিদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু করা ইসরায়েলি বাহিনীর এ অভিযান এখনো চলছে।
পশ্চিম তীরের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েলি সামরিক বাহিনী অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দিচ্ছে, যা মানবাধিকার আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।
তারা পশ্চিম তীরের জেনিন, তুলকার্ম ও তুবাসের হাসপাতালগুলো রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সাহায্য কামনা করেছেন।বুধবার সকালে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়টি ‘বিশ্ব সম্প্রদায় ও রেড ক্রসের’ কাছে সাহায্য চেয়ে বলেছে, ইসরায়েলের সেনাবাহিনী ইবনে সিনা হাসপাতালের দিকে যাওয়া রাস্তাগুলো বন্ধ করে রেখেছে। এছাড়া খলিল সুলেইমান হাসপাতাল, রেড ক্রিসেন্টের সদরদপ্তর ও ফ্রেন্ডস অব দ্য পেইসেন্স সোসাইটি ঘিরে রেখেছে।
এর আগে গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছিল, জেনিনের এক হাসপাতালের সামনে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়ে বের হওয়া লোকদের পরিচয়পত্র পরীক্ষা করছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা ও পুলিশ যৌথ বিবৃতি দিয়ে বলেছে, তারা জেনিন ও তুলকার্মে একটি সন্ত্রাসবিরোধী অভিযান’ পরিচালনা করেছে। এই অভিযানে নয়জন নিহত হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রতি হুমকি হওয়ায় তারা বিমান হামলা চালিয়ে তিন ‘সশস্ত্র সন্ত্রাসীকে’ হত্যা করেছে।
তারা আরো জানিয়েছে, জেনিন ও তুলকার্মে আরো দুইজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
ওই এলাকার রাস্তাগুলোতে পেতে রাখা বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সেনারা। এছাড়া তুবাসে বিমান হামলা চালিয়ে আরো চারজনকে হত্যা করা হয়েছে।অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এ হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও এইচসিএইচআর। ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং ইতোমধ্যে বিস্ফোরক পরিস্থিতিতে আরো ইন্ধন যোগাচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি (পিসিআরএস) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তুবাসের কাছে ফারাহ শরণার্থী শিবিরে তাদের মেডিকেল পয়েন্ট তছনছ করে দিয়েছে।
গণমাধ্যমের তথ্য মতে, ২০০০ থেকে ২০০৫ পর্যন্ত চলা দ্বিতীয় ইন্তিফাদার পর থেকে এই প্রথম পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি শহরে ইসরায়েলি বাহিনী একযোগে হামলা শুরু করেছে বলে বিশ্বাস করা হচ্ছে।