ছবিঘর

পর্দায় ফিরছে বিদ্যার প্রথম ছবি

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অভিনয়টা তিন দশক ধরে করছেন বিদ্যা বালান। তবে চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৩-এ বাংলা ছবি ‘ভালো থেকো’ দিয়ে। আর বলিউডে তাঁর প্রথম ছবি ‘পরিণীতা’ মুক্তি পায় ২০০৫ সালে। সেখানেও রয়েছে বাংলার সংযোগ।

কারণ ছবিটি নির্মিত হয়েছে শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে। ১০ জুন পর্দার পরিণীতা আর বাস্তবের বিদ্যার দুই দশক পূর্ণ হয়েছে বলিউডে। ফের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি। 

এর জন্য নতুন করে ছবিটিকে এইট কে রেজল্যুশনে সংস্কার করা হয়েছে।

সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সাউন্ড। চলচ্চিত্র পুনরুদ্ধারের জন্য বিখ্যাত ইতালির লা ইমাজিন রিত্রোভা ল্যাব থেকে ‘পরিণীতা’র সংস্কার সম্পন্ন হয়েছে। ২৯ আগস্ট থেকে ছবিটি দেখানো হবে পিভিআর ও আইনক্স মাল্টিপ্লেক্স চেইনের হলগুলোতে। 

বিষয়টি নিয়ে বিদ্যা বালান তাঁর অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, “এটা আমার জন্য খুব আবেগঘন মুহূর্ত।

‘পরিণীতা’ দিয়ে আমার পথচলা শুরু হয়েছে। এই ছবির প্রতিটি দৃশ্য আমার হূদয়ে গেঁথে আছে। প্রদীপ দা [ছবির নির্মাতা] এবং বিনোদ চোপড়ার [প্রযোজক] প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব, তাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। এত বছর পরও মানুষ এই ছবি, এর গান মনে রেখেছে। দর্শক বলে, এ ছবির প্রতিটি দৃশ্য একেকটি চিত্রকর্মের মতো।
আশা করছি, নতুন প্রজন্মের দর্শকও পরিণীতার এ জগৎ আবিষ্কার করবে।” 

মুক্তির পর ‘পরিণীতা’ ব্যাবসায়িক সাফল্য যেমন পেয়েছিল, তেমনি পেয়েছিল নানা পুরস্কারও। নির্মাতা পেয়েছিলেন ভারতের জাতীয় পুরস্কার; ফিল্মফেয়ারে করেছিল বাজিমাত, পেয়েছিল সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা অভিষেক [নারী], সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।