সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের বেঁধে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করা হয়েছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এই ডাকাতি হয়।
ডাকাতদল প্রায় সাত ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম বলেন, সোমবার রাত ৩টার দিকে বসতঘরের দরজা ভেঙে ১০ থেকে ১৫ জন ডাকাতের একটি দল ঘরে ঢুকে পরিবারের সদস্যসহ আমার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
ডাকাতরা মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল। তাদের হাতে রিভলভার, চাপাতি ও বিভিন্ন দেশি অস্ত্র ছিল। ২০ মিনিটের মধ্যেই বেড়াতে আসা আমার বোন ও ভাবির প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর ভোরে ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’










