সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাভারের ধামরাইয়ে পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হওয়ায় প্রেমিক ফজলুল হককে (৩৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মফিজুল ইসলাম (৪০) নামে একজন আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকায় সাভার থানার উত্তরপাড়া এলাকার হাসান মোল্লার ছেলে হাসান হৃদয় (২৩), মানিকগঞ্জের ঘিওর থানার রামকান্তপুর গ্রামের মহর উদ্দিন মহির ছেলে মজনু শেখ (৪২), ভোলা সদর থানার খেয়াঘাট এলাকার আব্দুর রশিদের ছেলে হোসেন আলী (২০) ও মানিকগঞ্জ সদর থানার দুধবাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে শাহিন মিয়া ওরফে নাইমসহ (২২) চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ফজলুল হক রংপুরের কাউনিয়া থানার গদাই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ও আহত মফিজুল ইসলাম রংপুরের বদরগঞ্জ থানার দোয়ানী হাজীপুর মুন্সিপাড়ার মৃত নুরুল হকের ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) রাতে ধামরাইয়ের ফোর্ডনগর এলাকায়।
পুলিশ ও আহত ব্যক্তি জানায়, সাভার পৌরসভার নামাবাজারের আকাইল ওরফে আকাশের স্ত্রীর সঙ্গে রাজমিস্ত্রি ফজলুল হকের পরকীয়া ছিল। সোমবার রাতে আকাইলের স্ত্রীকে নিয়ে ফজলুল হক ও তার বন্ধু মফিজুল ইসলাম ঘুরতে আসেন ধামরাইয়ের ফোর্ডনগর এলাকায়। খবর পেয়ে আকাইল ও তার সঙ্গীয়দের নিয়ে ফজলুল হক ও মফিজুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। আহত মফিজুল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে তারা স্বীকার করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান।’










