সিল্কসিটিনিউজ ডেস্ক:
১০০ বছর—যদিও সময়টা খুব কম নয়। কিন্তু, যে হারে পতঙ্গকুলের মৃত্যুমিছিল নীরবে নিঃশব্দে চলছে, তাতে পতঙ্গশূন্য পৃথিবীই ভবিতব্য! এমনকি ঘরের কোনায় থাকা যে আরশোলা, সৃষ্টির সময় থেকে এক এবং একই রকম থেকে গেছে, সেই আরশোলাও আর থাকবে না। থাকবে না চেনা-অজানা রংবেরঙের কত শত সহস্র কীটপতঙ্গ!
১০০ বছর পরের কীটপতঙ্গহীন সেই পরিবেশের কথা ভেবে শঙ্কিত বিজ্ঞানীরা। পতঙ্গবিদদের শঙ্কা বাড়িয়েছে কীটনাশকের ব্যবহারের যথেচ্ছাচার। ফসল বাঁচাতে কীটনাশক প্রয়োগে কুণ্ঠা বোধ করে না চাষিরা। চাষের জমির রাসায়নিকে মরছে মাটিতে মিশে থাকা পোকারা। ইদানীং অনেক জায়গাতে জৈবচাষ ফিরলেও, তা খুবই নগন্য। প্রকৃতির ভারসাম্যে এর ক্ষতিকর প্রভাব যে পড়বেই—তা বলা বাহুল্য। এসংক্রান্ত ৭৩টি প্রতিবেদন বিশ্লেষণ করে আন্তর্জাতিক গবেষকদের ধারণা, ১০০ বছরের মধ্যে পৃথিবী থেকে পোকারা নিশ্চিহ্ন হয়ে যাবে। পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে বছরে আড়াই শতাংশ হারে পতঙ্গ নিশ্চিহ্ন হচ্ছে। বিগত ৩০ বছরে এ চিত্র একটুও বদলায়নি। সূত্র : এই সময়।











