ছবিঘর

পঞ্চায়েত ৫’ কবে আসছে, জানালেন পরিচালক

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘পঞ্চায়েত’ সিরিজের ‘ফুলেরা’ গ্রামের সঙ্গে দর্শকের সম্পর্ক যেন দিন দিন আরো গভীর হচ্ছে। একের পর এক চারটি মৌসুমে দর্শকের মন জয় করার পর ২০২৫ সালে পঞ্চমবারের মতো চরিত্রগুলোকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

চতুর্থ মৌসুমে ফুলেরা গ্রামপঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছিল গল্প। প্রধান মঞ্জুদেবীকে নতুন করে ‘বনরাকস’-এর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। অন্যদিকে নির্বাচনে জয়ী হয়ে গ্রামের নতুন ক্ষমতাধর চরিত্র হয়ে উঠেছিল ভূষণ।

তবে পরের মৌসুমে প্রধানজি, সচিবজি ও গ্রামের অন্য চরিত্রদের সামনে কী অপেক্ষা করছে—এখন সেটিই জানতে মুখিয়ে দর্শক।

এরই মধ্যে ‘পঞ্চায়েত ৫’ নিয়ে বড়সড় তথ্য সামনে আনলেন পরিচালক দীপক কুমার মিশ্র।
নির্বাচনে হারের পর প্রধানজি ও সচিবজির সঙ্গে ভূষণের সম্পর্ক কোন দিকে যাবে? কীভাবে শুরু হবে নতুন মৌসুমের গল্প? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকের মনে। এর মধ্যেই পরিচালক জানিয়েছেন, এবার গল্পে চ্যালেঞ্জ আরও বাড়ছে। একই সঙ্গে বেশ কিছু চরিত্রের জীবনেও আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

বিশেষ করে প্রধানজির জীবনে ঘটতে চলেছে অপ্রত্যাশিত মোড়।
‘পঞ্চায়েত ৫’-এর মুক্তি নিয়ে দীপক কুমার মিশ্র জানিয়েছেন, “বর্তমানে সম্পাদনার কাজ চলছে। যদিও মুক্তির দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। তবে সব ঠিক থাকলে অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ মুক্তি পেতে পারে ‘পঞ্চায়েত ৫’। দুরন্ত গতিতে কাজ করছে গোটা টিম।

”
নতুন মৌসুমের গল্প কোন প্রেক্ষাপটে এগোবে, সেটিও স্পষ্ট করেছেন পরিচালক। এক বলিউডভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেছে এবং প্রধানজি হেরে গেছেন। এবার নির্বাচনের ফলাফল কীভাবে প্রতিটি চরিত্রের ব্যক্তিজীবনে প্রভাব ফেলবে, সেটিই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

ভোটে হারের পর গ্রামের মানুষ প্রধানজিকে কীভাবে দেখছেন, নতুন মৌসুমে সেই বিষয়টিও তুলে ধরা হবে। পাশাপাশি বড় পরিবর্তন আসছে সচিবজি ‘অভিষেক ত্রিপাঠী’ ওরফে জীতেন্দ্র কুমারের চরিত্রেও। রিঙ্কির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক কোন দিকে এগোয়, সেটিও দেখা যাবে নতুন মৌসুমে।

তবে এখানেই শেষ নয়। ‘পঞ্চায়েত ৫’-এর পরই কি এই জনপ্রিয় ওয়েব সিরিজের গল্পের ইতি ঘটবে? এমন প্রশ্নের জবাবে পরিচালক সরাসরি ‘না’ বলেছেন। অর্থাৎ পঞ্চম মৌসুমের পরও ‘ফুলেরা’ গ্রামের গল্প নিয়ে দর্শকদের জন্য আরও চমক অপেক্ষা করছে।