সিল্কসিটিনিউজ ডেস্ক :
পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো আসিফ (১১) ও সাথী আক্তার (৯)। তারা মৃত আইজুল ইসলামের সন্তান। বাবা মারা যাওয়ার পর তারা মা আছিয়া খাতুনের সঙ্গে থাকত। সোমবার (১ জুন) সকালে গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে দিনমজুরি করে সংসার চালিয়ে আসছেন আসিয়া খাতুন। অন্য দিনের মতো বাড়িতে ছেলে আসিফ ও মেয়ে সাথী আক্তারকে রেখে কাজে যান তিনি। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই সন্তানের মরদেহ খুঁজে পান তিনি।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’









