সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ন্যাটোতে ‘আশ্রয়’ চাইছেন তুরস্কের কিছু সামরিক কর্মকর্তা

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ন্যাটোতে ‘আশ্রয়’ চাইছেন তুরস্কের কিছু সামরিক কর্মকর্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কে এখনও ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের রেশ কাটেনি। এর ফলশ্রুতিতে এবার উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট ন্যাটো’তে কর্মরত তুরস্কের কিছু সামরিক কর্মকর্তা জোটটির কাছে ‘আশ্রয়’ চেয়েছেন। ১৮ নভেম্বর শুক্রবার ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

 

জেন্স স্টোলটেনবার্গ জানান, তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ন্যাটোর হয়ে বিভিন্ন দেশে কর্মরত দেশটির বেশকিছু কর্মকর্তা অবস্থানস্থলেই আশ্রয় চেয়েছেন। তবে তিনি আশ্রয়প্রার্থী কর্মকর্তাদের সংখ্যা বা পরিচয় প্রকাশ করেননি। তাদের বিষয়ে ন্যাটোর অবস্থান নিয়েও তিনি কোনও মন্তব্য করেননি।

 

ধারণা করা হচ্ছে, আশ্রয়প্রত্যাশী কর্মকর্তারা যেসব দেশে কর্মরত রয়েছেন সেসব দেশগুলোই এই আবেদন বিবেচনা করতে পারে।

 

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর ওই ঘটনার জন্য উস্কানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করা হয়। এর প্রতিক্রিয়ায় সামরিক বাহিনীর সদস্যসহ গুলেন সমর্থক সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য, ১৯৫২ সালে ন্যাটোতে যোগ দেয় তুরস্ক। কিন্তু গত কয়েক বছরে ন্যাটো ও তুরস্কের মধ্যে পরস্পরের ব্যাপারে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান তুরস্ক ও ন্যাটো জোটের মধ্যকার অবিশ্বাসকে আরও গভীর করেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন