সিল্কসিটিনিউজ ডেস্ক :
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নৌ-বিধ্বংসী জাহাজ থেকে উৎক্ষেপিত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষা তদারকি করেছেন, মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি যুদ্ধজাহাজ থেকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন। রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই অস্ত্র পরীক্ষাগুলো রবিবার অনুষ্ঠিত হয়। এতে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

কেসিএনএ-এর তথ্যমতে, দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রতিটি প্রায় সাত হাজার ৯০০ সেকেন্ড, অর্থাৎ দুই ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছে। অন্যদিকে যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো প্রায় দুই হাজার সেকেন্ড (৩৩ মিনিট) ধরে উড়েছে।
কেসিএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরিয়ার পশ্চিম সাগরের আকাশে নির্ধারিত উড্ডয়ন কক্ষপথ বরাবর উড়েছে এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই পরীক্ষাগুলো উত্তর কোরিয়ার অস্ত্রাগারে থাকা দুটি পাঁচ হাজার টন ডেস্ট্রয়ারের মধ্যে একটি, ‘চোয়ে হিয়ন’ থেকে চালানো হয়।
কিম দেশের নৌ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গত বছর এই দুটি জাহাজই চালু করেন।
কেসিএনএ কর্তৃক প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণের পর একটি ক্ষেপণাস্ত্র তার প্রাথমিক উড্ডয়ন পর্যায়ে রয়েছে এবং এর লেজ থেকে কমলা রঙের ধোয়া বের হচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায়, কিম নৌ কর্মকর্তাদের পাশে নিয়ে দূর থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখছেন।
কেসিএনএ জানিয়েছে, নির্মাণাধীন আরো দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থার পরিকল্পনা সম্পর্কেও মঙ্গলবার কিমকে অবহিত করা হয় এবং তিনি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।










