সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশের নৌপথের নাব্যতা উন্নয়ন ও নিরাপদ নৌচলাচলের জন্য ৩৬ কোটি ডলার ঋণ ও অনুদান দেবে বিশ্বব্যাংক।

বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান।
তিনি জানান, গত জুন মাসে সংস্থাটির বোর্ড সভায় এ অর্থ সহায়তার অনুমোদন দেওয়া হয়।
জলপথের নাব্যতা উন্নয়নের জন্য ‘বাংলাদেশ আঞ্চলিক জলপথ পরিবহণ প্রকল্প-১’ বাস্তবায়নে এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নদীপথের প্রায় ৯০০ কিলোমিটার করিডোর এবং সংযোগপথের নাব্যতা উন্নয়ন করা হবে। ফলে জাতীয় ও আঞ্চলিক বাণিজ্যে পরিবহনের সময় ও ব্যয় কমবে বলে আশা করছে বিশ্বব্যাংক।
এ প্রকল্পের মাধ্যমে পানগাঁওয়ে একটি নতুন সাধারণ কার্গো টার্মিনাল করা হবে। এ ছাড়া, সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল যাত্রী টার্মিনাল সংস্কার এবং ১৪টি ঘাটের সংস্কার ও উন্নয়ন করা হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন, বাংলাদেশ সড়ক-রেল-নদীপথের সংযোগের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আন্তঃআঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করতে পারে। বাংলাদেশের বিশাল নদীপথ আছে। এটা শক্তিশালী করা হলে বাংলাদেশের অর্থনীতিকে রপ্তানিমুখী করতে আরো সহায়তা করবে।
উল্লেখ, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা (আইডিএ) থেকে এই অর্থ ঋণ ও অনুদান আকারে দেওয়া হচ্ছে। শূন্য ও কম সুদে দেওয়া এই ঋণের অর্থ ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। এতে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।
সূত্র :রাইজিংবিডি










