সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

নেপালের বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজে আগুন

নিউজ ডেস্ক১১ মে ২০২৬১ মিনিট পড়া
নেপালের বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজে আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেপালের রাজধানী কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন।

উড়োজাহাজটিতে মোট ২৭৭ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন।

এটি ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করেছিল বলে জানা গেছে।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানান, অবতরণের সময় উড়োজাহাজের ডান দিকের ল্যান্ডিং গিয়ারে স্পার্ক বা স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, উড়োজাহাজে থাকা সবাই নিরাপদ।

উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। আমরা এখন ঘটনার তদন্ত করছি। এই ঘটনার কারণে বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে সেটি পুনরায় চালু হয়েছে।
হিমালয় ঘেরা নেপালের বিমানবন্দরগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং রানওয়ের মধ্যে অন্যতম, যেখানে পাইলটদের জন্য কঠিন পরিবেশ তৈরি হয়।

এর আগে ২০১৫ সালেও একটি টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজ কাঠমাণ্ডু রানওয়ে থেকে ছিটকে পড়েছিল। সেবার ২২৪ জন যাত্রী ছিলেন, তবে কেউ আহত হননি। ওই ঘটনায় রানওয়ে চার দিন বন্ধ ছিল এবং বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছিল।

সূত্র : আরব নিউজ