জাতীয়

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক১৩ জুন ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের পূর্বধলা থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ওই মামলায় ছাত্রলীগ কর্মী মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৩৫ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী মাসুদ রানা ও মাজহারুল ইসলাম, যুবলীগ কর্মী শাহজাহান খান, আতাউর রহমান ও হযরত আলী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন এবং উপজেলা যুবলীগের সহসভাপতি রায়হানের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে। মিছিলের ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে ৬০-৭০ জন নেতাকর্মী অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, আটক ছয়জনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।