সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের পার্লামেন্টে সরকারের আগামী এক বছরের আইনগত কর্মসূচি তুলে ধরতে ‘স্টেট ওপেনিং অব পার্লামেন্ট’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। তবে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্যেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে তীব্র সংকট দেখা দিয়েছে।
রাজকীয় ভাষণে ৩৫টির বেশি বিল ও খসড়া বিল উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে অভিবাসননীতি, ন্যাশনাল হেলথ সার্ভিস সংস্কার, পুলিশ ব্যবস্থার পরিবর্তন এবং ব্রিটিশ স্টিল জাতীয়করণের সম্ভাব্য পথ অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার, জ্বালানি নিরাপত্তা এবং ইংল্যান্ড ও ওয়েলসে লিজহোল্ড সংস্কার সংক্রান্ত প্রস্তাবও থাকতে পারে।
তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্টারমার সরকার টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধরনের ভরাডুবির পর দলটির মন্ত্রী ও এমপিদের মধ্যে বিভক্তির ফলে বিষয়টি আরো প্রকাশ্যে এসেছে।
স্থানীয় সময় মঙ্গলবার স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী জুবির আহমেদসহ ৪ মন্ত্রী পদত্যাগ করেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ বলেন, লেবার এমপিদের মধ্যে ‘স্বতঃস্ফূর্ত হতাশা’ তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ‘অপরিবর্তনীয়ভাবে’ ক্ষয়ে গেছে।
অন্যদিকে স্টারমারের ঘনিষ্ঠ মন্ত্রী নিক থমাস-সাইমন্ডস বলেন, সরকারের পরিবর্তনের গতি নিয়ে হতাশা থাকলেও এখন নিজেদের মধ্যে বিভক্ত না হয়ে কাজের গতি বাড়ানো প্রয়োজন।
তার দাবি, স্টারমার অত্যন্ত দৃঢ়চেতা এবং নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংকল্পবদ্ধ।
স্টারমারও বলেছেন, জনগণ চায় সরকার দেশের উন্নয়নে কাজ চালিয়ে যাক। জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে সরকারের প্রথম সংসদ অধিবেশনে ৫০টি সরকারি বিল পাস করা হয়। যার মধ্যে রয়েছে- শিশু ও কল্যাণ আইন, কর্মসংস্থান অধিকার আইন, গ্রেট ব্রিটিশ জ্বালানি আইন, ভাড়াটেদের অধিকার আইন এবং পরিকল্পনা ও অবকাঠামো আইন।
এদিকে কনজারভেটিভ পার্টি নিজেদের বিকল্প ‘কিংস স্পিচ’ প্রকাশ করেছে। এতে অভিবাসন, কল্যাণ সংস্কার, নর্থ-সি থেকে তেল-গ্যাস উত্তোলন এবং হাই স্ট্রিট ব্যবসা সহায়তার প্রস্তাব রাখা হয়েছে।
দলটির নেতা কেমি ব্যাডেনক দাবি করেন, এটি শক্তিশালী অর্থনীতি ও শক্তিশালী দেশের জন্য পূর্ণাঙ্গ আইনগত কর্মসূচি।
এদিকে স্টেট ওপেনিংয়ের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ওয়েস্টমিনস্টার প্রাসাদের নিচতলায় বিস্ফোরক অনুসন্ধান চালানো হয়, যা ১৬০৫ সালের গানপাউডার ষড়যন্ত্রের স্মরণে করা হয়। একই সঙ্গে রাজা পার্লামেন্টে থাকাকালে একজন এমপিকে প্রতীকীভাবে ‘জিম্মি’ রাখা হয়, যা রাজাকে নিরাপদে ফেরানোর ঐতিহ্যবাহী রীতি।
রাজা হাউস অব লর্ডসে ভাষণ দেন এবং ঐতিহ্য অনুযায়ী ব্ল্যাক রড নামে পরিচিত কর্মকর্তা হাউস অব কমন্সে গিয়ে এমপিদের ডেকে আনেন। এ সময় কমন্সের দরজা তার মুখের ওপর বন্ধ করে দেওয়া হয় এবং তিনি তিনবার আঘাত করার পর দরজা খোলা হয়, যা রাজতন্ত্র থেকে কমন্সের স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত।










