সদ্য প্রকাশিত
রাজনীতি

নির্বাচন সামনে রেখেই মন্ত্রিসভায় রদবদল

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৮৩ মিনিট পড়া
নির্বাচন সামনে রেখেই মন্ত্রিসভায় রদবদল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচনকে সামনে রেখেই সরকারের শেষ বছরে এসে মন্ত্রিসভায় সম্প্রসারণ ও রদবদল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ভেতর প্রাণের সঞ্চার এবং উন্নয়নমূলক কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ করাও এ পরিবর্তনের আরেকটি লক্ষ্য। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সরকারের মেয়াদের শেষ বছরে মন্ত্রিসভায় এ পরিবর্তন আনা হয়েছে। সরকারের দু’জন মন্ত্রী বাংলা ট্রিবিউনকে এমনটি জানিয়েছেন।

মঙ্গলবার তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ নেন। বুধবার (৩ জানুয়ারি) কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। টেকনোক্র্যাট কোটায় প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আর পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এতদিন পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও এখন মন্ত্রী নিয়োগ দেওয়ায় তাকে শুধু সমাজকল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে।

সরকার সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছেন, কয়েকটি মন্ত্রণালয়ের কাজে ধীরগতি রয়েছে। ফলে নির্বাচনের আগে ইশতেহার বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। তাই তিনি কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছেন। কিছু মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে সরকারের ভেতরে প্রাণের সঞ্চার ঘটবে। পাশাপাশি অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে চাপ সৃষ্টি হবে। এই ধারণা থেকেই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ এবং পুরনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

সূত্রমতে, আগামী একাদশ সংসদ নির্বাচনের আগে ইশতেহার-ঘোষিত কোনও  উন্নয়নমূলক কাজ বাকি থাকুক– তা চান না প্রধানমন্ত্রী। দলের ও সরকারের পরামর্শকরাও দ্রুত কাজ শেষ করার তাগিদ দিচ্ছেন। ইতোমধ্যে নতুন দায়িত্ব নেওয়া মন্ত্রীরাও দ্রুততার সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  বলেন, ‘সরকারের মধ্যে কাজের গতি আনতেই মন্ত্রিসভায় রদবদল ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা।’ নতুন বিমানমন্ত্রী শাজাহান কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক কাজ; কাজ করতেই দায়িত্ব নিয়েছি। এর বেশি কিছু নয়।’

সরকারের একাধিক মন্ত্রী  জানান, অনেকদিন মন্ত্রিসভায় কোনও পরির্বতন না আসায় সরকারের কার্যক্রমে ঝিমিয়ে পড়া ভাব দেখা দিয়েছে। তাছাড়া, শেষ বছর কাজের চাপও বেশি হবে। তাই কোনও কোনও মন্ত্রণালয়ে মন্ত্রীদের চাপ কমাতে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে।

সরকারের গুরত্বপূর্ণ একজন প্রতিমন্ত্রী  বলেন, যেসব মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে, প্রায় সবগুলোর কাজই ঝিমিয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোকে চাঙ্গা করতে পরিবর্তন এনেছেন। ওই প্রতিমন্ত্রী আরও বলেন, দুই/তিনজন মন্ত্রীকে বাদ দেওয়ার একটা উদ্যোগ ছিল। কিন্তু তাতে মাঠে খারাপ বার্তা যেতে পারে মনে করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়নি।

 

বাংলা ট্রিবিউন