
সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ফলাফল প্রকাশের প্রক্রিয়া এবং নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সম্পর্কে জানল সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি কারিগরি ও লিগ্যাল দল। এ সময় নির্বাচনি অভিযোগ জমা ও তা নিষ্পত্তি হওয়ার পদ্ধতিও জানলেন তারা। আরপিও’র সবশেষ সংশোধন নিয়েও জানতে চান তারা।

দুপক্ষের এ বৈঠকে ইসি সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। আর ইইউর ইলেকটরাল/পলিটিক্যাল এক্সপার্ট (এক্সটার্নাল কনসাল্টেন্ট) ডিমিট্রা ইওয়ানোর নেতৃত্বে চার সদস্য অংশ নেন। বৈঠক শেষে ইসির আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা পর্যবেক্ষণ পাঠাবেন কিনা সে বিষয়, নির্বাচনি প্রস্তুতি কতদূর, এজন্য ইউরোপীয় ইউনিয়নের একটা বড় টিম আগে এসেছে। সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে নীতিনির্ধারণী কিছু বিষয় আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় যেসব বিষয়ে তাদের অবজারভেশন রয়েছে, তাদের যা জানার দরকার-তা নিয়ে ইসি সচিবালয়ের নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে বসেছেন।
তিনি বলেন, তারা (টেকনিক্যাল, লিগ্যাল, ইলেকটরাল টিম) এসেছিলেন। আমাদের ইলেকশন পদ্ধতি, আইন-কানুনের কী অবস্থা, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষকরা কিভাবে কাজ করবেন সেসব বিষয়ে তাদের কিছু জানার ছিল। বাংলায় আইন আমাদের, সে বিষয়ে অনেক কিছু জানেন না তারা। ইইউ প্রতিনিধি দলের কারিগরি টিম দেশের নির্বাচন ব্যবস্থাপনার আদ্যোপান্ত জানার চেষ্টা করেছে।
যুগ্মসচিব মাহবুবার রহমান বলেন, বিদেশি পর্যবেক্ষকরা আসতে গেলে কোন প্রক্রিয়ায় আসতে হবে, কতদিন-কিভাবে আসতে হবে, ইকুইপমেন্ট যদি লাগে কিভাবে নিয়ে আসবেন-নির্বাচনবিষয়ক যা কিছু আছে খুঁটিনাটি সব জানতে চেয়েছেন।
আরপিও-এর সাম্প্রতিক সংশোধনী নিয়ে কোনো উদ্বেগের কিছু বলেছেন কিনা জানতে চাইলে ইসির যুগ্মসচিব বলেন, এখানে উদ্বেগের কিছু নেই। তারা আমাদের এক্সিজটিং ল’, রুলস, রেগুলেশন, ইলেকশন সম্পর্কে প্রশ্নের মাধ্যমে কিছু ধারণা নিয়েছেন।
এক প্রশ্নের জবাবে ইসির এ কর্মকর্তা জানান, প্রতিনিধি দল টেকনিক্যাল কোনো সাপোর্ট দেবে এমন কিছু কথা বলেনি। তাদের কাজের জন্য কী সাপোর্ট দেওয়া যাবে সেটা জানতে চেয়েছেন। ইসি থেকে কী ও কতটুকু সহযোগিতা করব এসব বিষয় জেনেছেন।
আরেক প্রশ্নের জবাবে ইসির যুগ্মসচিব বলেন, তারা সারাবিশ্বে নির্বাচন দেখে বেড়ান। কাল ইথোপিয়ায় নির্বাচন দেখেছেন, সেখানে এক ধরনের; আজ এখানে বাংলাদেশে এক ধরনের পদ্ধতি। সেটা তো তাদের জানার কথা নয়। টাইম টু টাইম ইসির ফোকাল পারসনদের সঙ্গে তাদের যোগাযোগ হবে।
সূত্র: যুগান্তর








