সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মোট পাঁচটি জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর মধ্যে রাজধানী ঢাকায় দুটি ও ঢাকার বাইরে তিনটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর বাইরে দশ জেলার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

আগামী ২১ ডিসেম্বর দুপুর ২ টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় কামরাঙ্গীরচর মাঠে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী।
২২ ডিসেম্বর সিলেট তিনটি মাজার জিয়ারতের পর দুপুর ২ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর দুপুর ২ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা।
এছাড়া পীরগঞ্জে যাওয়ার পথে রংপুর-২ নির্বাচনী এলাকায় (তারাগঞ্জ-বদরগঞ্জে) সকালে একটি জনসভায় অংশগ্রহণ করবেন।
বিপ্লব বড়ুয়া জানান, ১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে নড়াইলে মাশরাফি বিন মর্তুজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসমাবেশ করবেন শেখ হাসিনা।
এছাড়া ১৮ তারিখ সকাল ১০ টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।










