সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশ এখন সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারায় চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলে বিএনপি অস্বাভাবিক পরিবেশ তৈরি করে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। সংবিধান ও গণতান্ত্রিক ধারায় যে নির্বাচন হচ্ছে, তা উন্নয়ন ও গণতন্ত্রের শত্রু বিএনপি-জামায়াত চক্র কখনও বর্জন করছে, কখনও নির্বাচনে অংশ নিচ্ছে।’ রবিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বিভ্রান্তির জাল বুনে জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আর কোনও দিন চক্রান্তের কাছে হার মানবে না। এবার বাংলাদেশ ‘৭১-এর মতো স্বাধীনতার অংক মেলাবে।’
বেসরকারি টেলিভিশন টকশো প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম এত স্বাধীন যে রাতে যখন আমরা টকশো দেখি, তখন মনে হয় দেশে কোনও সরকার নেই। কিন্তু সকালে ওঠে দেখি সরকার আছে।’
বিএনপির কখনও নির্বাচনি এজেন্ডা ছিল না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার এজেন্ডা অন্য কিছু। তা গত ৮ বছরে পরিষ্কার হয়ে গেছে। তার মূল এজেন্ডা ছিল দেশে একটি অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করা, দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া, অস্বাভাবিক সরকার আনা।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া কখন নির্বাচন সহ্য করেন না। আইন আদালত মানেন না। সংবিধান মানেন না। উন্নয়ন-সমৃদ্ধিতে বাধা দিয়ে মানবতা ও মনুষ্যত্বকে অস্বীকার করেন। তার প্রিয় মডেল তালেবানী শাসন ও সামরিক শাসন। তারা এখন নির্বাচন কমিশন নিয়ে নতুন বিতর্ক করার চেষ্টা করছেন। নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে নতুন কথা বলার চেষ্টা করছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আর কোনও দিন আফগানিস্তান আর পাকিস্তানের ট্রেনে উঠবে না। বাংলাদেশকে বাংলাদেশের পথেই চলতে হবে। সংবিধানের পথেই চলতে হবে। এ জন্য সংবিধান অনুযায়ী দেশ চলবে। যথাসময়ে ২০১৯ সালের ৫ জানুয়ারির আগেই নির্বাচন হবে। কোনও ছাড় না দিয়ে জঙ্গি দমন চলবে, দুর্নীতি ও মানুষ পোড়ানোর বিচার চলবে, মাবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে, উন্নয়নের চাকাও চলমান থাকবে। এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘এদেশে আর রাজাকার ও মুক্তিযোদ্ধাদের মধ্যে মিউজিক্যাল চেয়ারের খেলা চলবে না। একবার রাজাকার, একবার মুক্তিযোদ্ধা এ খেলা বন্ধ করতে হবে। এ খেলা আর চলতে পারে না। আগামীতে বাংলাদেশের মাটিতে শুধু মুক্তিযোদ্ধারাই খেলবেন।’
সূত্র: বাংলা ট্রিবিউন









