সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, সংকট উত্তরণে শুধু নির্বাচন কমিশন (ইসি) গঠন নয়, নির্বাচনকালীন সরকার নিয়েও রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ কথা বলেন।

ইসি পুনর্গঠনে বিএনপির আহ্বানে সাড়া দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ফখরুল। তিনি বলেন, ‘কোনো নির্বাচন কমিশনারের পক্ষেই বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না যদি নির্বাচনকালীন একটি সহায়ক সরকার না থাকে। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে সে উদ্যোগ নেওয়াটা উনার (রাষ্ট্রপতি) উচিত।’
‘একই সঙ্গে আমরাও এ বিষয়ে আমাদের মতামত আমরা পরবর্তীকালে দেব, সেটাও আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের প্রস্তাবে।’
মিলাদে বিএনপি মহাসচিব ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দেশ, জাতির ও মুসল্লিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিএনপির মহাসচিব বলেন, দেশে অনেক নিরপেক্ষ সাহসী ব্যক্তি রয়েছেন, যারা সার্চ কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য। তিনি আশা করেন, রাষ্ট্রপতির সঙ্গে এই সংলাপ গতবার নির্বাচন কমিশন গঠনের মতো হবে না। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি কী তুলে ধরবে এবং কারা কারা থাকবেন, তা রাতে চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে।
সূত্র :এনটিভি










