সদ্য প্রকাশিত
জাতীয়

নিজেদের দ্বন্দ্ব-কোন্দল মেটাতে নয়া কৌঁশলে আ’লীগ

নিউজ ডেস্ক২১ মার্চ ২০১৮৬ মিনিট পড়া
নিজেদের দ্বন্দ্ব-কোন্দল মেটাতে নয়া কৌঁশলে আ’লীগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল নিরসনের উদ্যোগ নিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। এই উদ্যোগ চলমান থাকলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল একেবারে দূর করতে পারছে না ক্ষমতাসীন এই দলটি।

ফলে চিন্তামুক্ত হতে পারছেন না আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য বারবার নির্দেশ দিচ্ছেন। চেষ্টার কমতি নেই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও। আওয়ামী লীগ নেতাদের দাবি, নির্বাচনের আগেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে ফেলতে সক্ষম হবেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল নিরসনের উদ্যোগ চলমান থাকলেও তা একেবারে দূর করা যাচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, পিরোজপুর জেলা সদরে ভাই-ভাই দ্বন্দ্ব। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় ডেকে এনে তাদের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেছেন। বৈঠকে দুইজন এক সুরে কথা বললেও এলাকায় গিয়ে তা ভুলে নতুন করে দ্বন্দ্বে জড়াচ্ছেন। শুধু পিরোজপুর সদর নয়, অনেক জেলা-উপজেলায় রয়েছে এমন দ্বন্দ্ব। কেন্দ্রের কঠোর বার্তা এবং ঢাকায় ডেকে বা মহানগর-জেলা-উপজেলার কর্মিসভায় এ সংকট নিরসনের উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান মিলছে না।

খোঁজ নিয়ে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে এসেছে সংকট আরও প্রকট হচ্ছে। দলীয় মনোনয়ন, পদ-পদবি ধরে রাখা, কমিটিতে নিজের লোকদের স্থান দেওয়া, সুবিধাভোগী বনাম সুবিধাবঞ্চিত এবং ব্যক্তিস্বার্থ থেকে সৃষ্ট বিরোধ কোথাও কোথাও মারাত্মক আকার ধারণ করছে। বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নিচ্ছে। বহিষ্কার-পাল্টা বহিষ্কারের সঙ্গে সংঘাত ও হানাহানির মতো ঘটনাও ঘটছে।

আওয়ামী লীগের দলীয় একাধিক সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ কোন্দল মেটানো। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তাই এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দলটি। নির্বাচনের আগেই এসব দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হাইকমান্ড থেকে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল-দ্বন্দ্ব নিরসনে জেলার নেতা ও এমপিদের সঙ্গে ঢাকায় ধারাবাহিক বৈঠক করেছে দলটি।

এছাড়া কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন এলাকায় গিয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে বিরোধ নিরসনের চেষ্টা করেছেন। বিভাগ, জেলা ও থানা পর্যায়ে বিরাজমান কোন্দল নিরসনের এই মিশনে বিরোধপূর্ণ জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোন্দলের কারণ কি তা চিহ্নিত করে সমস্যা সমাধানের নির্দেশনাও দেন তিনি। এরই মধ্যে দফায় দফায় বৈঠক করেছেন। আরও বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে দলের পক্ষ থেকে।

নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। টেলিভিশনে লাইভ টকশো থেকে শুরু করে বিভিন্ন সময় দুজনের মধ্যকার এই বিরোধ প্রকাশ্যে এসেছে বারবার। গত বছর সিটি নির্বাচনের আগে তাদের এই দ্বন্দ্ব মেটাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা একাধিকবার উদ্যোগও নেন। ফলে সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করলেও তাদের সম্পর্কে উষ্ণভাব ফেরেনি। সম্প্রতি ফুটপাতে হকার বসানো নিয়ে দ্বন্দ্বে মেয়র আইভী ও শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে নেতাকর্মীসহ দুপক্ষের শতাধিক মানুষ আহত হন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিবাদও অনেক দিনের। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠক করে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তাদের ডেকে সতর্ক করার পাশাপাশি নগর ভবনে এক অনুষ্ঠানে মিলমিশ করিয়ে দেন। এর পর থেকে প্রকাশ্যে আর কোনো বিরোধ দেখা না গেলেও ঝামেলা এখনও মেটেনি। কমিটিতে নিজেদের লোককে স্থান দেওয়া নিয়ে ভেতরে ভেতরে বিরোধ রয়েছে এই দুই নেতার মধ্যে। এজন্য দক্ষিণের কমিটি ঘোষণা করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন নগরের অনেক নেতা।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু এবং সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে পৃথক পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করার ফলে তাদের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। সম্প্রতি তা চরমে ওঠায় বিভিন্ন অজুহাতে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটে।

সর্বশেষ এ নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির অফিসে দুই দফা বৈঠক করেন ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় দ্বন্দ্ব মেটাতে তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও দেশের জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে দলের নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় নেতা, এমপি-মন্ত্রী, জেলা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা ও পৌরসভা চেয়ারম্যান ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চরম আকার ধরণ করেছে। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বহিস্কার-পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে।

এর মধ্যে চট্টগ্রাম, পাবনা, নাটোর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, শরীয়তপুর, কুষ্টিয়া, বান্দরবান, টাঙ্গাইল, নরসিংদী, ঝিনাইদহ, মেহেরপুর, খাগড়াছড়ি, ফেনী, ফরিদপুর, সিলেট ও সিরাজগঞ্জ জেলাকে বিরোধপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকার কোথাও কোথাও ত্রিধারায়, আবার কোথাও দুই ধারায় বিভক্ত দল। সেখানে নিজেদের মধ্যে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের সঙ্গে সংঘাত ও হানাহানির মতো ঘটনাও ঘটছে।

বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদন অনুসারে ২০১৪ সালে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মারা যান ৩৪ জন। ২০১৫ সালে এই সংখ্যা ছিল ৩৩। কিন্তু ২০১৬ সালে তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়ায় ৮৩ জনে। ২০১৭ সালের প্রতিবেদন এখনও প্রকাশ করা না হলেও এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দলের কঠোর অবস্থানের কথা প্রায়ই গণমাধ্যমের সামনে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দলের অভ্যন্তরীণ কলহ জনসম্মুখে আসা খুবই খারাপ দৃষ্টান্ত হয়েছে। জনসম্মুখে পার্টির ভাবমূর্তি নষ্টকারীরা কেউ ছাড় পাবে না।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সাম্পাদকম-লীর দুজন সদস্য বলেন, আওয়ামী লীগ বড় দল। এখানে কিছু সমস্যা থাকবেই। তবে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গেই এই বিষয়গুলোকে নিয়েছি। কারণ সামনে নির্বাচন। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকলে অন্যরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য গোলাম কবীর রব্বানী চিনু বলেন, ক্ষমতাসীন দলে কিছু কলহ হয়। তবে আমি মনে করি, আগের চেয়ে অনেক কমে গেছে। এখন কোনো কোন্দলের খবর শুনলেই কেন্দ্র থেকে মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দলের সাধারণ সম্পাদক নিজেই কাজটি করছেন। প্রথম পর্যায়ে এলাকায় সমাধানের চেষ্টা করা হয়। তা না হলে সাংগঠনিক সম্পাদককে বলা হয়। তিনি ব্যর্থ হলে সাধারণ সম্পাদক নিজেই তাদের নিয়ে বসেন। এক প্রশ্নের জবাবে চিনু আরও বলেন, আস্তে আস্তে এটা আরও কমে যাবে। আশা করি, নির্বাচনের আগেই অভ্যন্তরীণ কলহ মিটিয়ে ফেলতে সক্ষম হব।

সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, নির্বাচন অনেক কাছে চলে এসেছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনের আগেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি বলেন, আসন নিয়ে যদি কিছু বিরোধ থাকে তা সমঝোতার মাধ্যমে মিটানো হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে তৃণমূলের সঙ্গে মতবিনিময় চলবে, চলছে। ভোটারদের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরা হবে। কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে।

বিডি২৪লাইভ