সদ্য প্রকাশিত
জাতীয়

নিউজ পোর্টালে চাকরির নামে প্রতারণা থেকেই খুন

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৮২ মিনিট পড়া
নিউজ পোর্টালে চাকরির নামে প্রতারণা থেকেই খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীতে ইসলামিক নিউজ অনলাইনের সম্পাদক সুমন শিকদার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পূর্ব বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ফয়সাল আহমেদ ও মো. জহিরুল ইসলাম জনি।

তাদের কাছ থেকে সুমনের ব্যবহৃত কম্পিউটার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। চাকরি দেয়ার কথা বলে ফয়সাল আহমেদ নামে এক যুবকের কাছ থেকে ৪/৫ লাখ টাকা নেন নিউজ পোর্টালটির এডিটর সুমন শিকদার। কিন্তু চাকরি না দেয়ায় ফয়সাল টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন সুমন। এ কারণে সুমনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে ফয়সাল।

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে ফয়সাল ও জহিরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ভিকটিম সুমনের সঙ্গে তাদের এক সময় সুসম্পর্ক ছিল। তারা একসাথেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভুয়া ইলেকট্রনিক মিডিয়ার ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো।

সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন বলেন, ঘটনার তদন্তে জানা গেছে, সুমন শিদকার ফয়সালকে নিজের পোর্টালে লভ্যাংশসহ চাকরি দেয়ার কথা বলে ৪/৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরে লভ্যাংশ তো দূরের কথা চাকরি না দেয়ায় তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। ফয়সাল পাওনা টাকা দাবি করলে সুমন টালবাহানা শুরু করে। এ অবস্থায় টাকা না পেয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে ফয়সাল।

ফয়সাল অপর গ্রেপ্তারকৃত জনির সঙ্গে যোগসাজশ করে গত ৭ মার্চ সুমনের অফিসে যান। সেখানে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়া হয়। চা পান করে সুমন ঘুমিয়ে পড়লে ফয়সাল ও জনি প্রথমে তাকে শ্বাসরোধ ও পরে মুখে স্কচটেপ পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। এরপর মরদেহ খাটের নিচে রেখে কম্পিউটার ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

গত ৯ মার্চ রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ উত্তর যাত্রাবাড়ীর ৩১ শহীদ ফারুক রোডের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় সুমনের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সুমন শিকদার নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী গ্রামের রহমান শিকদারের ছেলে ও ইসলামিক নিউজ বিডি নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক ছিলেন।