সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
ম্যাচে অপেশাদার আচরণের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটার কলিন মানরো।
প্লাঙ্কিত শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টের বিপক্ষে অকল্যান্ডের হয়ে খেলার সময়ে অযাচিত বক্তব্যের জন্য নিষেধাজ্ঞা পেতে হয় মানরোকে। গত ৮ মার্চ এডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে অপেশাদার আচরণের জন্য অভিযুক্ত করা হয়েছে তাকে।

মানরোর শাস্তি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘নিউজিল্যান্ড এবং অকল্যান্ডের খেলোয়াড় কলিন মানরোকে প্লাঙ্কিত শিল্ডে আসন্ন অষ্টম রাউন্ডের ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আচরণ ভঙ্গের দায়ে শুনানি শেষে তাকে এমন শাস্তি প্রদান করা হয়েছে। ৮ মার্চেরও ওই ম্যাচে নিয়ম বর্হিভূত কথা বলেন মানরো। এ অপরাধের জন্য এক ম্যাচ খেলতে পারবেন না তিনি। আর এমন শাস্তির বিপক্ষে আপিলও করতে পারবেন না মানরো।’
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে অকল্যান্ডের হয়ে সেঞ্চুরি করায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সাম্প্রতিক এ নিষেধাজ্ঞার জন্য ওয়েলিংটন টেস্টে তার জাতীয় দলে ঠাঁই পাওয়া কিছুটা কঠিন হতে পারে।
সূত্র: রাইজিংবিডি










