সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় পুলিশ ব্যারাক থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধারের ঘটনায় একই থানার গাড়িচালক পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে একটি মামলা রেকর্ড করে জিয়াউর রহমান নামের ওই কনস্টেবলকে গ্রেপ্তার দেখানো হয়।
জিয়াউর রহমানের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার বাকাইল গ্রামে। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নিহত নারী কনস্টেবল সাবিনা আক্তারের ভাই নজরুল ইসলাম লিটন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন জানান, আজই জিয়াউর রহমানের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
গতকাল বুধবার বিকেলে আশুলিয়া থানার পাশে ভাড়া করা পুলিশের ব্যারাকের পঞ্চম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাবিনা আক্তার (২৪) নামের এক পুলিশ সদস্যের লাশ।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, লাশের পাশে থাকা বেশ কিছু আলামত উদ্ধার করে পুলিশ। তার মধ্যে রয়েছে একটি চিরকুট। যেখানে ওই নারী কনস্টেবল তাঁর মৃত্যুর জন্য থানার গাড়িচালক জিয়াউর রহমানকে দায়ী করে যান। সাবিনা মানিকগঞ্জের হরিরামপুরে থানার হাপানিয়া গ্রামের বাসিন্দা।
ওই চিরকুটে সাবিনা লিখে যান, ‘আশুলিয়া থানার ড্রাইভার কং-৮৮১ মো. জিয়াউর রহমানের জন্য আমি মৃত্যুবরণ করলাম। জিয়া আমার সব কেড়ে নিয়েছে।’
সাবিনার লাশ উদ্ধারের পরপরই থানা ছেড়ে সপরিবারে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেন জিয়া। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গতকাল গাজীপুরের কালিয়াকৈর এলাকার চলন্ত বাস থামিয়ে আটক করা হয়। পরে সাবিনার ভাইয়ের দায়ের করা মামলায় আসামি করা হয় তাঁকে।
সাবিনা আক্তারের ভাই নজরুল ইসলাম লিটন জানান, স্ত্রী ও সন্তান থাকার পরও তা আড়াল করে সহকর্মী সাবিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জিয়া। জিয়া আর সাবিনা শিগগিরই বিয়ে করবে বলে মাত্র সাত দিন আগেই সাবিনা তাঁর পরিবারকে জানিয়েছিলেন। পরে জিয়ার ছলনা আর প্রতারণার কথা জানতে পেরে তাঁর বোন মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যার পথ বেছে নেয়।
এদিকে এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ।
সূত্র:রাইজিংবিডি










