সিল্কসিটিনিউজ ডেস্ক :
এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ধাক্কা খেল পুরো কেনিয়া। রাজধানী নাইরোবির ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িতে গুলি চালিয়ে এক জ্যেষ্ঠ আইনজীবীকে হত্যা করা হয়েছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহত ম্যাথিউ কিয়ালো এমবোবু ছিলেন একজন সম্মানিত আইনজীবী এবং রাজনৈতিক দলের বিরোধসংক্রান্ত ট্রাইব্যুনালের সাবেক প্রধান।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি নিহত হন।
ঘটনাটি ঘটেছে ল্যাংগাটা-মাগাদি রোড জংশনের কাছে, শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কেরেন এস্টেটে একটি ব্যস্ত শপিং সেন্টারের পাশে। একজন মোটরসাইকেল আরোহী এমবোবুর গাড়ির পাশে এসে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা একাধিক গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।
অনলাইনে প্রকাশিত এক ভয়াবহ ভিডিওতে দেখা গেছে, গাড়ির ভাঙা জানালা দিয়ে আইনজীবীর রক্তাক্ত, নিস্তেজ দেহ স্টিয়ারিং হুইলের ওপর ঝুঁকে রয়েছে।
এই হামলার উদ্দেশ্য এখনো অজানা এবং তদন্ত চলছে। এর আগে চলতি বছরের শুরুতে এক সংসদ সদস্যকে হত্যার পরও কেনিয়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
কেনিয়ার আইন সংস্থা (এলএসকে) এই হত্যাকাণ্ডকে ‘নিন্দনীয়’ হিসেবে বর্ণনা করে বলেছে, অপরাধটি ‘দ্রুত ও চূড়ান্তভাবে সমাধান’ করতে হবে।
পাশাপাশি তারা উদ্বেগ প্রকাশ করেছে, আইনজীবীরা হুমকির মুখোমুখি হচ্ছেন এবং এই হত্যাকাণ্ডে ‘পরিকল্পিত হত্যার সব লক্ষণ’ রয়েছে। এলএসকের সভাপতি ফেইথ ওধিয়াম্বো এক বিবৃতিতে বলেন, ‘অধিকাংশ সময়ই আইনজীবীরা তাদের কাজের জন্য নির্যাতিত ও টার্গেটেড হয়ে থাকেন।’
অন্যদিকে পুলিশ জানিয়েছে, তারা এই গুলিতে হত্যার তদন্ত করছে এবং জনগণকে শান্ত থাকতে ও তদন্তে সহায়ক যেকোনো তথ্য জানাতে আহ্বান জানিয়েছে।
বিবিসির তথ্য অনুসারে, এমবোবু নাইরোবি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের প্রভাষক ছিলেন এবং আইন বিষয়ে তার প্রভাবশালী লেখালিখি এবং শিক্ষার্থীদের সফল আইনজীবীতে পরিণত করতে সহায়তার জন্য পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক দলের বিরোধসংক্রান্ত ট্রাইব্যুনাল ও বিজনেস রেন্ট প্রিমাইস ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ছিলেন, যা তাকে রাজনৈতিক ও বাণিজ্যিক বিবাদ সমাধানের কেন্দ্রস্থলে রেখেছিল।
এমবোবুর হত্যার মর্মান্তিক পরিস্থিতি পুরো কেনিয়াকে হতবাক করে দিয়েছে। তার মৃত্যুর খবর অনলাইনে ব্যাপক হারে প্রচার হয়েছে। এর আগে এপ্রিল মাসে সংসদ সদস্য চার্লস ওঙ্গ’ওন্ডো ওয়েরেও একই ধরনের পরিস্থিতিতে নাইরোবির ব্যস্ত রাস্তায় গুলিতে নিহত হন, যা সন্দেহভাজন হত্যার প্রেক্ষাপট ছিল। পুলিশ তখন জানিয়েছিল, ‘টার্গেটেড ও পূর্বপরিকল্পিত’ হত্যার জেরে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিছু সন্দেহভাজনের বিরুদ্ধে পরে অভিযোগও আনা হয়েছে।










