সিল্কসিটিনিউজ ডেস্ক :
কালো জাদু, প্রেম আর প্রতিশোধের টানাপড়েন—সব মিলিয়ে এক অদ্ভুত অথচ চেনা বাস্তবতার গল্প নিয়ে মুক্তি পেয়েছে ‘নসিব’। এটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তী উর্বী।
গত ১০ জুলাই ‘গান চিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকটি এরই মধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। ইউটিউবের কমেন্ট সেকশনে ভেসে আসছে একের পর এক ইতিবাচক মন্তব্য।

গল্পে যা দেখা যায়, ‘নসিব’-এ ইয়াশ রোহান একজন পুলিশ অফিসারের চরিত্রে, যার সংসার স্ত্রী প্রিয়ন্তী উর্বীর সঙ্গে। সেই সংসারেই একসময় হানা দেয় অজানা অশুভ শক্তি। ধীরে ধীরে বদলে যেতে থাকে উর্বীর আচরণ—সাধারণ থেকে হয়ে ওঠে রহস্যময় ও অস্বাভাবিক। এই টানাপড়েনের মধ্যেই ইয়াশের জীবনে আসেন তানজিন তিশা।
তবে তিনি একেবারেই সাধারণ নন—তার আশপাশে ঘোরে অতিপ্রাকৃত শক্তির ছায়া, লুকিয়ে আছে রহস্যময় এক জগৎ।
বাস্তব থেকে গল্প নাটকটির গল্প অনেকাংশে গ্রামবাংলার লোককথা বা কালো জাদুকেন্দ্রিক ভয়ের কাহিনিগুলোর মতো হলেও এর প্রেক্ষাপট শহুরে। এই রূপকথার মধ্যেও যেন ফুটে উঠেছে বাস্তবতা, যা দর্শকদের মনে ধরেছে প্রবলভাবে।
ফলে ‘নসিব’ দারুণভাবে উপভোগ করছেন দর্শক।
জোশি চাকমা নামের একজন লিখেছেন, ‘নাটকটি অনেক সুন্দর। অনেকটা অলৌকিক, অনেকটা ভৌতিকও। কিছুটা ভয়ও লাগল। সত্যি অসাধারণ সুন্দর নাটকটা’।
উবায়দুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন, তানিম রহমান আংশু ভাইয়ের ইন্টারেস্টিং ভাবনা নসিব।
ইয়াশ রোহান ভাই, তানজিন তিশা আপু এবং প্রিয়ন্তী উর্বী দারুণ অভিনয় করেছেন। প্রিয়া ইসলাম মুন্নী মন্তব্য করেন, এরকম ঘটনা সমাজে কত হচ্ছে! সবাইকে ধন্যবাদ সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
পরিচালক তানিম রহমান অংশু জানান, মানুষের বিশ্বাস, ভয় ও নিয়তির যে জটিল খেলা—সেটিই ‘নসিব’-এর মূল ভাবনা। গল্পে যেমন ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তেমনি প্রেম ও প্রতিশোধের সাইকো থ্রিলার ঘরানার টুইস্টও আছে।”
অন্যদিকে, প্রিয়ন্তী উর্বী বলেন, ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ টের পেয়েছি। ইউটিউবে যারা নাটকটি দেখেছেন, তারা প্রশংসা করছেন—যা একজন অভিনেত্রী হিসেবে অনেক অনুপ্রেরণার।
সাইকো-থ্রিলার ঘরানায় নির্মিত এই গল্প বাংলা নাটকে এক ভিন্ন মাত্রা যোগ করল বলেই মনে করছেন অনেকেই।









