জাতীয়

নবীনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ইকবালের মৃত্যু, থানায় মামলা

নিউজ ডেস্ক১২ জুন ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ইকবাল মিয়া (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশু মিয়া নামে একজনকে আসামি করে বৃহস্পতিবার রাতেই নবীনগর থানায় মামলা হয়েছে। নিহত ইকবাল হোসেন আহমেদের চাচাতো ভাই ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার টিয়ারা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ ও প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২ ও ৩ জুন টিয়ারা বাজারে এই দুই পক্ষের সশস্ত্র লোকজনের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে হোসেন পক্ষের ইকবাল মিয়া (৬০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার হাসপাতালেই তার মৃত্যু হয়।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের ভাই ফোরকান মিয়া বাদী হয়ে এ ঘটনায় শিশু মিয়াকে প্রধান আসামি ও ৯ জনের নাম উল্লেখসহ ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন।

পুলিশ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’