নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়- রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট সংলগ্ন চামড়াপট্টি ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উপশহর নিউমার্কেট এলাকার শফিকুল ইসলামের ছেলে মারুফ ইসলামকে (১৯) গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত পৌনে ১২ টার দিকে মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের ইউসুফের ছেলে মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করা হয়।এ সময় তার হেফাজত থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ৯টার দিকে মতিহার থানা পুলিশ মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কিসমত কুখন্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শুভকে (২৯) ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।










