সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিচারব্যবস্থার কথা না হয় আপাতত তুলে রাখি। আমাদের মজ্জাগত স্বভাব হল, ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটলে দায় কার- এটা নিয়ে গবেষণায় বসি; হাজারখানেক দায় বানিয়ে স্বস্তি লাভ করি।
এই ধরুন, মেয়েটি একা বের হয়েছিল কিনা, সে কোন পথ দিয়ে যাচ্ছিল ইত্যাদি। এছাড়া পোশাকের বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মেয়েটির মা-বাবাকে তুলোধুনো করে ছাড়া হয়- কেন মেয়েকে একা যেতে দেয়া হল? কোনো কোনো বাবা-মা তুলোধুনো না হতে সারাজীবন মেয়েটির জন্য ‘সুশৃঙ্খল, সুবদ্ধ’ আলো-বাতাসের ব্যবস্থা করেন।

সমস্যা যখন ক্রমাগত বেড়ে চলে, তখন পুনরায় প্রথম থেকে শুরু করা উচিত। এ দশকে আমরা টেকসই উন্নয়নে ভরসা করি, এটাও টেকসই উন্নয়নের স্বার্থে। সরকারকে অবশ্যই ধর্ষণের প্রতিটি নিয়ামক ও উপাদান এক এক করে নির্মূলের দায়িত্ব নিতে হবে।
দুর্নীতি শুধু ঘুষ আর অনিয়ম নয়; ধর্ষণও এক ধরনের দুর্নীতি। তাই এক্ষেত্রেও জিরো টলারেন্স প্রয়োগ করে এটিকে অভিযানে, আইন ও বিচারে দমন করার জোর দাবি জানাচ্ছি। নির্মম, ব্যথাতুর কোনো সংবাদে আমরা আমাদের সকালটা শুরু করতে চাই না; চাই আতঙ্কের সংস্কৃতিকে বিদায় করতে। সময় এসেছো নতুন করে ভাবার, মোট জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ সমাজ যেন শামিল হয় এ মিছিলে।
কারণ, তারাই দুর্বার এবং সম্ভাবনার বার্তাবাহক। যদি সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে আইন প্রণয়নকারী ও আইন রক্ষাকারীরা পাশে থাকেন, আমরা কেবল তাদের ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হব না; বরং একটি শৃঙ্খলাপূর্ণ জাতিতে পরিপূর্ণ হব। আর এ পথ ধরে কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, নৈতিকতায় মোড়া দক্ষ এক মানবসম্পদ মানবিকতায় মাথা তুলে দাঁড়াবে।
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়










