বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে সেফটি টুলকিট ফিচার আনলো উবার

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে উবার আজ থেকে চালু করলো ‘সেফটি টুলকিট’ ফিচার। এর মাধ্যমে অ্যাপের একটি নির্দিষ্ট স্থানে যাত্রীরা উবারের সব সেফটি ফিচার সহজেই খুঁজে পাবেন।

চালক ট্রিপ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই অ্যাপের হোম স্ক্রিনে ভেসে উঠবে সেফটি টুলকিট ফিচারটি, যা ট্রিপ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে।

এ বিষয়ে উবারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর শচীন কানসাল বলেন, সেফটি টুলকিটের অন্যতম একটি অপশন ‘ট্রাস্টেড কন্ট্যাক্টস’। যার সাহায্যে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের সকল ট্রিপ অথবা বাছাইকৃত কিছু ট্রিপের সম্পর্কে তাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের জানাতে পারবেন।

ট্রাস্টেড কন্ট্যাক্টস অপশনটির মাধ্যমে একজন যাত্রী তার ঘনিষ্ঠ পাঁচ জন ব্যক্তির সঙ্গে নিয়মিতভাবে ট্রিপ শেয়ার করার সুবিধা পাবেন। যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী ট্রিপ শেয়ার সেটিংস ঠিক করতে পারবেন। ট্রিপ শেয়ারিং সেটিংসের মধ্যে থাকছে সকল ট্রিপ শেয়ার, শুধুমাত্র রাতের ট্রিপ শেয়ার ও কোনো ট্রিপ শেয়ার না করার অপশন।

এছাড়াও, এখন থেকে আপনজনদের সঙ্গে ট্রিপ শেয়ার করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সমস্ত খবরাখবর জানানো যাবে।

যাত্রা পথে কোনো সমস্যা হলে ইমারজেন্সি বাটনের মাধ্যমে যাত্রীরা সরাসরি পুলিশ কন্ট্রল রুম নম্বর ৯৯৯ এ কল করার সুযোগ পাবেন।

হাজার হাজার যাত্রীদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেফটি টুলকিটটি। এবছরের মে মাসে ফিচারটি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।