অর্থ ও বাণিজ্য

দেশের বাজারে কমল সোনার দাম

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দামে কমেছে এক হাজার ৪৮১ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকায়। আগামীকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ রবিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯২ হাজার ১৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৮৬ টাকা।

সূত্র: কালের কণ্ঠ