সিল্কসিটিনিউজ ডেস্ক:
যেন ফের বাবা রাম রহিমের সচ ডেরার পুনরাবৃত্তি! ধর্মীয় আচার পালনের নামে ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের অর্ধ উলঙ্গ করে মন্দিরে ঘোরানোর অভিযোগ উঠল মন্দিরের পুজারীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ওই অবস্থাতেই পুজারীদের সঙ্গে ১৫ দিন ধরে কাটাতে বাধ্য করা হয় তাদের। তামিলনাড়ুর মাদুরাইয়ের এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বেশ কয়েকবছর ধরেই এই প্রথা চলে আসছে মাদুরাইয়ের ওই মন্দিরে। পুজারীদের মতে, মন্দিরের দেবীকে তুষ্ট করতেই কিশোরীদের অর্ধ উলঙ্গ করে সোনার গয়না পড়িয়ে ঘোরানো হয়। প্রথা অনুসারে পুজারীদের সঙ্গে রাত কাটাতেও নাকি বাধ্য করা হয় তাদের।

ভেল্লালুরের এই মন্দিরের কীর্তি এতদিন প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার তা প্রকাশ্যে আসতেই তদন্তে নামে স্থানীয় প্রশাসন। মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে বন্ধ করতে হবে এই রীতি। তবে এখনই কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি।










