সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

‘দুর্নীতির প্রতি জিরো টলারেন্স,’ বললেন শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬২ মিনিট পড়া
‘দুর্নীতির প্রতি জিরো টলারেন্স,’ বললেন শুভেন্দু অধিকারী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার দুর্নীতিকে কিছুতেই রেয়াত করবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছে। দুর্নীতির ক্ষেত্রে আমরা জি়রো টলারেন্স নীতি নিচ্ছি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা আমাদের দলের ইস্তেহারেও ছিল। আগামী দিনে সে বিষয়ে আরও পদক্ষেপ দেখতে পাবেন রাজ্যের মানুষ। কাজ আমরা শুরু করে দিয়েছি।”

রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সিবিআই বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে চার্জশিট দিতে সরকারের অনুমতি নিতে হয়। পূর্বতন সরকার সেই অনুমোদন আটকে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি। সেই ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন, “সিবিআই-এর চারটি মামলা গত চার বছর ধরে রাজ্য সরকার আটকে রেখেছিল।”

“দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই বা কোর্ট নিযুক্ত অন্যান্য তদন্তকারী সংস্থা চার্জশিট দেওয়া বা তাদের প্রসিকিউশনের ক্ষেত্রে আইন অনুযায়ী অনুমোদন নিতে হয়।”

তার অভিযোগ “দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য” পূর্বতন সরকার এই অনুমতি আটকে রেখেছিল।

“আজ আমরা তিনটি দফতরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য প্রয়োজনীয় অনুমোদন সিবিআইকে দিয়ে দিলাম।,” বলেছেন তিনি।

শিক্ষা দফতরের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভায় নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতরে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে এমন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সিবিআইকে সে সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

 

সূত্র: বিবিসি বাংলা