সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে এ তথ্য জানিয়েছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান বব বয়েস জানিয়েছেন, অসকার মোরেল (৩৫) নামের ওই ব্যক্তিকে রোববার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হিট অ্যান্ড রান দুর্ঘটনার অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এই রিভলভার ও উদ্ধার হওয়া কাপড় হত্যার কাজে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মোরেলের বাসা দেয়ালের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে কুইন্সের ওজনপার্ক এলাকায় আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও তার সহকারী তার উদ্দিনকে (৬৪) পেছন দিকে থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে দাবি করেছে স্থানীয় মুসলমানরা। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এখনো এ হত্যাকাণ্ডের পেছনে ঘৃণামুলক অপরাধের প্রমাণ তারা পায়নি।
এদিকে সোমবার নিউ ইয়র্কে নিহত এই দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার আগে স্বাগত বক্তব্যে আল-ফোরকান মসিজদের প্রতিষ্ঠাতা বদরুল খান বলেন, ‘আমরা বিচার চাই।’ এ সময় উপস্থিত সমবেত জনতাও সমস্বরে বলেন, ‘আমরা বিচার চাই।’
সূত্র: রাইজিংবিডি










