আন্তর্জাতিক

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গামুক্ত করার ঘোষণা অমিত শাহর

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন দিল্লি বিধানসভার নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা সব ‘অবৈধ’ অভিবাসী ও রোহিঙ্গামুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

গতকাল রবিবার (২৬ জানুয়ারি) এক জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বর্তমান রাজ্য সরকার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের থাকার সুযোগ দিচ্ছে। সরকার পরিবর্তন করুন, আমরা দিল্লি সব অবৈধ অভিবাসীমুক্ত করব।

ভারত ও বাংলাদেশের মধ্যে হাজার কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে।এই সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত ইস্যু। তবে দিল্লিতে কত সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে, তার নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।

বাংলাদেশে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন।

তাদের বেশির ভাগই অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। তবে এদের বেশির ভাগই ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন কোটি জনসংখ্যা অধ্যুষিত বিশ্বের নবম জনবহুল শহর ভারতের রাজধানী দিল্লি। গত এক দশকের বেশির ভাগ সময়ই আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে এই শহর পরিচালিত হয়েছে।

তবে গত বছর তাকে ও তার দলের কয়েকজন নেতাকে মদের লাইসেন্স নিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কেজরিওয়াল এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটি মোদি সরকারের রাজনৈতিক প্রতিশোধ। তিনি সরে দাঁড়ালেও দল জয়ী হলে আবার মুখ্যমন্ত্রী হওয়ার অঙ্গীকার করেছেন।’

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট হবে। ফলাফল প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি।

বিজেপি কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় প্রচারণা চালাচ্ছে।