সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

দিনে কয়টি জাহাজ চলাচল করবে হরমুজ প্রণালিতে, জানাল ইরান

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
দিনে কয়টি জাহাজ চলাচল করবে হরমুজ প্রণালিতে, জানাল ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানটান পরিস্থিতি। তবুও ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো টিকে আছে। তবে তেহরান শুরু থেকেই শর্ত জুড়ে দিয়েছে। তাদের স্পষ্ট বার্তা, হরমুজ প্রণালি আগের মতো স্বাভাবিক হতে সময় লাগবে।

দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ
যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বেশ কড়াকড়ি আরোপ করেছে ইরান। নতুন নিয়ম বেশ কড়া। প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে। রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে একথা জানিয়েছেন ইরানের এক উর্ধ্বতন কর্মকর্তা।

ইসলামাবাদে আলোচনার আগেই এই বার্তা দেওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদন জানায়, প্রতিটি জাহাজ চলাচলের জন্য লাগবে ইরানের অনুমতি। মানতে হবে নির্দিষ্ট নিয়মও। পুরো প্রক্রিয়া তদারকি করছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের কর্মকর্তা আরো জানান, দিনে ১৫টির বেশি নয়, বরং এর কম জাহাজই চলবে। সবকিছুই নির্ভর করবে ইরানের অনুমতির ওপর। নিয়ম ভাঙার সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধের আগের অবস্থায় ফেরার সম্ভাবনাও নেই।

উল্লেখ্য, এই প্রণালি দিয়েই বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ যায়।

এদিকে তেহরান আরো একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। না হলে ফল ভালো হবে না- এমন হুঁশিয়ারিও এসেছে।

ইরানের কর্মকর্তা বলেন, শর্ত মানা না হলে আবার যুদ্ধ শুরু হবে। আর এবার লড়াই হবে আরো তীব্র।

মার্কিন সেনা বাড়ানো যাবে না
যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র সেনা বাড়াতে পারবে না, এটিও স্পষ্ট করেছে ইরান। তাদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যে চুক্তি হয়েছে, তারা সেটি মেনে চলছে এবং কঠোরভাবে তা অনুসরণ করছে।

যেভাবে এলো যুদ্ধবিরতি
৭ এপ্রিল, ট্রাম্পের ব্যাপক হামলার হুঁশিয়ারির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইরানের ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করেন। হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি। দুই পক্ষের মধ্যে ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা রয়েছে।

লেবানন ইস্যুতে নতুন টানাপড়েন
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে জটিলতা তৈরি হয়েছে লেবানন ইস্যুতে। ইরানের দাবি, যেকোনো চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা মানতে নারাজ। তাদের বক্তব্য, লেবানন এই চুক্তির অংশই নয়। এর মধ্যেই ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

তেহরানের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, এই হামলা বন্ধ না হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে জবাব হিসেবে ইসরায়েল এবং উপসাগরীয় কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান।