কক্সবাজারের দুর্গম পাহাড়ে আটকা পড়া ৪ যুবককে উদ্ধার করলো বিমানবাহিনী। ৯৯৯-এ ফোন পেয়ে হেলিকপ্টার নিয়ে তাদের দরিয়ানগর পাহাড় থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে পাহাড়ে উঠার স্বপ্ন নিয়ে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করলেও একের পর এক পাহাড় পেরুতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসা হয়।

শনিবার সন্ধ্যার আগে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করে তাদের নিয়ে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।
শনিবার সকালের দিকে তারা হাইকিংয়ে বের হয়েছিলেন বলে জানান উদ্ধার হওয়া যুবকদের মধ্যে মিজবাহ উদ্দিন।পাহাড় থেকে উদ্ধার হওয়া যুবকরা হলেন কক্সবাজার শহরের ঘোনার পাড়ার অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।

তারা সকালে কয়েকটি পাহাড় ডিঙিয়ে হিমছড়ি পাহাড়ে যাচ্ছিলেন। এ সময় আট-নয়টি পাহাড় ডিঙিয়ে পথ হারিয়ে ফেলেন তারা। পরিশেষে ৯৯৯-এর সাহায্য নেন তারা।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া যুবকদের কাছ থেকে বিস্তারিত জেনে আইনি পদক্ষেপ নেয়া হবে।
উদ্ধারকারী দলের নেতা ও শেখ হাসিনা বিমান ঘাঁটির অধিনায়ক মামুন কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ৯৯৯-এ কলের মাধ্যমে চট্টগ্রাম থেকে তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। পাশাপাশি অভিযানের শুরু থেকে বিপদে পড়া যুবকদের মোবাইল ট্র্যাকিং করা হয়। ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে তাদের কাছাকাছি পৌঁছলে তারা জামা ওড়িয়ে সাহায্য চায়। এ সময় তাদের উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।
সুত্রঃ যুগান্তর , বাংলাদেশ প্রতিদিন









