সদ্য প্রকাশিত
রাজনীতি

দলে শৃঙ্খলা ফেরানোই বিএনপির চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক৭ মে ২০১৯৬ মিনিট পড়া
দলে শৃঙ্খলা ফেরানোই বিএনপির চ্যালেঞ্জ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এই মুহূর্তে দলে শৃঙ্খলা ফেরানোই বিএনপির বড় চ্যালেঞ্জ। ‘চেইন অব কমান্ড’ পুরোপুরি ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে দলটির হাইকমান্ড। পাঁচ এমপির শপথকে কেন্দ্র করে সৃষ্ট সিনিয়র নেতাদের ভুল বোঝাবুঝি দূর করে দলকে ঐক্যবদ্ধ রাখতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

এ লক্ষ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে বিশেষ দায়িত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব পাওয়ার পর রোববার দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। এতে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা কৌশল নিয়ে আলোচনা হয়। এর আগে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গেও রুদ্ধদ্বার বৈঠক করেন মির্জা ফখরুল।

দায়িত্বপ্রাপ্ত নেতারা পর্যায়ক্রমে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর যত দ্রুত সম্ভব ডাকা হবে স্থায়ী কমিটির বৈঠক। সেখানে তারেক রহমান শীর্ষ নেতাদের শপথের বিষয়টি অবহিত করবেন। সার্বিক পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলও বৈঠকে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেন। বিএনপির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য।

আরও জানা গেছে, দলীয় শৃঙ্খলার স্বার্থে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ফোরামের বাইরে যাতে কেউ কথা না বলে সেজন্য বিশেষ বার্তা দেয়া হয়েছে। হাইকমান্ডের নির্দেশের পরও যদি কোনো নেতা ফোরামের বাইরে কথা বলেন তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। পাশাপাশি নেতাদের মধ্যে সৃষ্ট ক্ষোভ ও হতাশা দূর করতে পবিত্র রমজানে ইফতার পার্টিকেও কাজে লাগাবে দলটি। সার্বিক উদ্যোগে দলে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন সব স্তরের নেতাকর্মীরা।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ  বলেন, শপথকে কেন্দ্র করে বিএনপিতে ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। তৃণমূলেও সেই ছোঁয়া লেগেছে। বিএনপি হাইকমান্ডের উচিত দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয়া। এ উদ্যোগ না নিলে ভবিষ্যতে বিএনপিতে আরও অস্থিরতা সৃষ্টি হবে।

জানা গেছে, তারেক রহমানের একক সিদ্ধান্তে বিএনপির চার এমপিকে শপথ নিতে বলা এবং মির্জা ফখরুলের শপথ না নেয়ায় দলের মধ্যে শুরু হয় টানাপোড়েন। ক্ষোভ-অসন্তোষ ছড়িয়ে পড়ে নেতাকর্মীর মধ্যে। এ অবস্থায় পরস্পরকে দোষারোপ শুরু করেন শীর্ষ নেতারা। অধিকাংশ নেতা মুখ না খুললেও এ ইস্যুতে প্রকাশ্যে সমালোচনা করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সিনিয়র নেতাদের এমন দ্বিধাবিভক্তিতে বিপাকে পড়ে দলটির হাইকমান্ড। শনিবার বিষয়টি নিয়ে গয়েশ্বরের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন তারেক রহমান। দলের ঐক্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাকে বিশেষ ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দলীয় ফোরামের বাইরে সমালোচনা না করতে পরামর্শ দেয়া হয়। এদিকে ঘূর্ণিঝড় ফেনীর আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাকে ত্রাণ কমিটির আহ্বায়ক করেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলার পর অনেকটা নমনীয় হন গয়েশ্বর।

সোমবার এক আলোচনায় সেই ইঙ্গিতই পাওয়া যায়। নেতাকর্মীর বিরুদ্ধে সমালোচনা দলের মধ্যে আস্থা ও বিশ্বাস কমায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের ‘ব্লেইম গেম’ থেকে বেরিয়ে আসতে হবে। একজন আরেকজনকে দোষারোপ করলে প্রতিপক্ষ সুযোগ পায়। আমরা দুর্বল হয়ে যাই। আমাদের সংগ্রাম ঐক্যের জন্য, ঐক্য হল লক্ষ্য অর্জনের।

গয়েশ্বর আরও বলেন, আসুন আমরা অন্যের সমালোচনা বাদ দিয়ে আত্মসমালোচনা করি এবং নিজেকে সংশোধনের মাধ্যমে ‘ইস্পাত কঠিন’ ঐক্য গড়ে তুলি। এতে দল শক্তিশালী হওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। তিনি বলেন, সংসদে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন দেখার বিষয় যে, তারা কতটা ভূমিকা রাখতে পারে। এসব নিয়ে কথা বলার সময় এখন নয়।

সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ বার্তা পেয়ে রোববার রুদ্ধদ্বার বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়। দুই নেতার বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তবে ঘুরেফিরে দলের ‘চেইন অব কমান্ডই’ প্রাধান্য পায়। এ সময় মহাসচিব সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলতে গয়েশ্বর চন্দ্র রায়কে বিশেষ দায়িত্ব দেন।

পাশাপাশি দলীয় ফোরামের বাইরে কথা না বলতে অনুরোধ জানান। এর আগে তারেক রহমানের নির্দেশ পেয়ে শনিবার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।

বৈঠকে মির্জা আব্বাস বলেন, নেতাকর্মীদের ধারণা শপথের সঙ্গে চেয়ারপারসনের মুক্তির একটা সম্পর্ক আছে। এ বিষয়টি স্পষ্ট করতে হবে। না হলে আমরা কেউ নেতাকর্মীদের হাত থেকে রেহাই পাব না। এর আগে শুক্রবার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বৈঠক করেন। সেখানে সিনিয়র কয়েক নেতাও উপস্থিত ছিলেন। শপথকে কেন্দ্র করে সিনিয়র নেতাদের মধ্যে সৃষ্ট দূরত্ব দূর করতে সবাই ঐকমত্য হন।

এদিকে শপথকে কেন্দ্র করে সিনিয়র নেতাদের পাশাপাশি তৃণমূলেও বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। নেতাকর্মীদের হতাশা দূর করে ঐক্যবদ্ধ ও চাঙ্গা করার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা সফরের সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি নেতাকর্মীদের খোঁজখবর নেয়া হবে। এ লক্ষ্যে শনিবার নোয়াখালী যাচ্ছেন ত্রাণ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

একাদশ জাতীয় নির্বাচনে পরাজয়ের পর থেকে অনেকটাই ভেঙে পড়েছে বিএনপির নেতৃত্বের মূল কাঠামো। দলের দুই প্রধান কর্ণধার খালেদা জিয়া ও তারেক জিয়ার অনুপস্থিতিতে বিএনপিতে বিশৃঙ্খলা প্রকট আকার ধারণ করে। কেউ কার কথা মানছে না। শৃঙ্খলার তোয়াক্কা না করে সুযোগ পেলেই জুনিয়র নেতারা সরাসরি নীতিনির্ধারকদের নানা প্রশ্নও করছেন। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কী করছে? ঐক্যফ্রন্টকে কেন এখনও প্রাধান্য দেয়া হচ্ছে- নেতাকর্মীদের এমন প্রশ্নে অনেক সময় বিব্রত হচ্ছেন নীতিনির্ধারকরা।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, দলে চেইন অব কমান্ড বলে কিছু নেই। দলীয় শৃঙ্খলা মোটেই ভালো নয়। সবকিছু উচ্ছৃঙ্খল ও বিশৃঙ্খল। তিনি বলেন, নির্বাচিতদের শপথ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এসব দূর করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

রমজানে ঘরোয়া রাজনীতিতে সক্রিয় থাকবে বিএনপি : রমজানে এবার ঘরোয়া রাজনীতিতে সক্রিয় থাকবে বিএনপি। পাশাপাশি দল গোছানোরও কাজ করবে দলটি। ইতিমধ্যে তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা রাখতে স্থানীয় নেতাদের ইফতার মাহফিলের আয়োজন করতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে এ বছর কেন্দ্রীয়ভাবে সীমিতভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিগত বছরগুলোতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচটি ইফতার মাহফিলের আয়োজন করতেন। কিন্তু তিনি কারাগারে থাকায় এবার দুটি ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা ইফতার মাহফিলে যোগ দেবেন। এর মধ্যে পহেলা রমজান আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে এবং ১৪ মে কূটনীতিকদের সম্মানে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির অঙ্গদলগুলো নিজেদের মতো করে ইফতার কর্মসূচি পালন করবে।

বিএনপির নীতিনির্ধারকরা জানান, পুরো রমজান মাস তারা ঘরোয়া রাজনীতিতে সক্রিয় থাকবেন। দল পুনর্গঠনও অব্যাহত থাকবে। তারা রমজানে তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা রাখার উদ্যোগ নিয়েছেন। এজন্য স্থানীয় নেতাদের নানা নির্দেশনাও দিয়েছেন। স্থানীয় পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানাসহ বিভিন্ন স্তরে পৃথকভাবে ইফতার মাহফিল আয়োজন করা হবে। যাতে করে নেতাকর্মীরা আরও কাছাকাছি হওয়ার সুযোগ পান। এ ছাড়া যেসব নেতা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে রয়েছেন তারাও প্রকাশ্যে আসতে পারেন।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে হয়তো বেশি ইফতার পার্টি হবে না। তবে তৃণমূলের স্থানীয় নেতারা নিজ উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করবেন। এছাড়া রমজান মাসে দলের সাংগঠনিক জেলা শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

৩০ মে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী। এ উপলক্ষে রমজানের ১৫ দিন নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। সূত্র জানায়, দলের সাংগঠনিক দিবস হিসেবে ‘জিয়াউর রহমান দিবস’ পালন করবে বিএনপি। এজন্য ১৬ থেকে ৩০ মে পর্যন্ত সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই যৌথসভা ডেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এসব কর্মসূচি বিস্তারিতভাবে জানানোর কথা রয়েছে।