সিল্কসিটিনিউজ ডেস্ক:
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পতনের প্রধান কারণ দেশের ভয়াবহ কম জন্মহার। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে নারীপ্রতি জন্মহার বিশ্বের সর্বনিম্ন, যা নারীপ্রতি মাত্র ০.৭৫ সন্তান।

গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার গবেষকদের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছিল, উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে দক্ষিণ কোরিয়ার অন্তত পাঁচ লাখ সেনা প্রয়োজন। ধারণা করা হয়, উত্তর কোরিয়ার সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ১৩ লাখ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ডিভিশনের সংখ্যা ৫৯ থেকে কমে ৪২-এ নেমে এসেছে। কিছু ইউনিট ভেঙে দেওয়া হয়েছে বা একীভূত করা হয়েছে।
ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার জবাবে দক্ষিণ কোরিয়া তার প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে চলেছে। দেশটির ২০২৫ সালের জন্য প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে ৬০ ট্রিলিয়ন উওনের বেশি (৪৩ বিলিয়ন মার্কিন ডলার)—যা উত্তর কোরিয়ার মোট জিডিপির চেয়েও বেশি।
দক্ষিণ কোরিয়ায় সকল সক্ষম পুরুষকে ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হয়। খুব বিরল ক্ষেত্রে এর ব্যতিক্রম করা হয় ও কখনো কখনো স্থগিতাদেশও দেওয়া হয়।
কিছু রক্ষণশীল মহল বলছে, আসন্ন জনসংখ্যাগত সংকট মোকাবেলায় নারীদেরও সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা উচিত।
দক্ষিণ কোরিয়া একাধিকবার নিজস্ব রেকর্ড ভেঙে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ হয়েছে। ২০১৮ সালে নারীপ্রতি সন্তান জন্ম দেওয়ার হার ছিল ০.৯৮, ২০২০ সালে ০.৮৪, ২০২৩ সালে ০.৭২ ও ২০২৪ সালে ০.৭৫। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে পাঁচ কোটি জনসংখ্যার দেশটির জনসংখ্যা ৬০ বছরের মধ্যে অর্ধেকে নেমে আসতে পারে।










