সিল্কসিটিনিউজ ডেস্ক:
৪ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সফর সামনে রেখে আজ টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৬ সদস্যের স্কোয়াডে আছে একাধিক চমক। পৌনে ৫ বছর পর টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখ। দলে নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টে ওপেনার সাদমান ইসলাম গোড়ালি চোট পেয়ে ছিটকে যাওয়াতেই মূলত কপাল খুলেছে রবিনের।

নাঈম এখন পর্যন্ত একটিই টেস্ট খেলেছেন; ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে। তবে এই মুহূর্তে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাঈম। গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৫ ম্যাচ খেলে একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন। ডাবল সেঞ্চুরিটা আবার ২৮২ রানের!
২২ বছর বয়সী রবিনও আছেন দুর্দান্ত ছন্দে।
এনসিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক (৬৭২) তিনি।
তা ছাড়া নাঈম-মাহফিজুল দুজনই গত আগস্টে বাংলাদেশ ‘এ’ দল ও বয়সভিত্তিক দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা বিবেচনায় নিয়ে দলে পেসার বাড়াতেই মূলত নাঈম হাসানকে জায়গা ছাড়তে হয়েছে।
যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অন্য দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের চেয়ে নাঈম হাসানের পারফরম্যান্সই ভালো।
৫ পেসার নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেনের সঙ্গে নেওয়া হয়েছে খালেদ আহমেদকে।
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে মাথায় আঘাত পাওয়া মুমিনুল হকও সুস্থ হয়ে দলে ফিরেছেন।
দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু প্রথম টেস্ট।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, তানজিদ হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মাহফিজুল ইসলাম রবিন, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক।









