সিল্কসিটিনিউজ ডেস্ক :
বৃহস্পতিবার রাতে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে এসেছে নতুন নাটক ‘চোর’। মহিদুল মহিমের এ নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। পাশাপাশি করছেন নতুন ধারাবাহিকের শুটিং। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।
হাওরে শুটিং

শুটিং হয়েছে হাওরে, এমনটা খুব একটা ঘটেনি বাংলা নাটকে। সেই ব্যতিক্রম চিত্রায়ণ উঠে এলো ‘চোর’-এ। দেশের সুন্দরতম পর্যটন গন্তব্য টাঙ্গুয়ার হাওরে হয়েছে নাটকটির শুটিং। পায়েল বলেন, ‘বেশ ভালো ছিল সময়টা।
প্রথমবার হাওরে গিয়েছিলাম আমি। তিন দিন ছিলাম আমরা সেখানে। হাউসবোটে ছিলাম, বৃষ্টির দিন, মেঘলা পরিবেশ সব মিলিয়ে শুটিংয়ের সময়টা দারুণ কেটেছে।’
আনন্দ আর অপূর্ণতা
নাগরিক ক্লান্তি-অবসাদ ভুলতে অনেকেই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান।
পায়েলের এর আগে সেদিকে যাওয়া হয়নি। প্রথমবার হাওর ভ্রমণ নিশ্চয়ই দারুণ ছিল? ‘হ্যাঁ, হাওরে ভ্রমণ আসলেই অনেক এক্সাইটিং। আমার মনে হয়েছে, শুটিং করতে যাওয়ায় আনন্দটা কম হয়েছে। যদি পরিবারের সঙ্গে শুধু ঘুরতেই হাওরে যেতাম, তাহলে আরো বেশি ভালো লাগত’-পায়েলের জবাব।
মজার ছলে বার্তা
‘চোর’ নাটকের গল্পটা হাস্যরসে ভরপুর।
হাউসবোটে কী কী কাণ্ড ঘটায় এক চোর, সেসব মজার ভঙ্গিমায় তুলে ধরা হয়েছে। পায়েল বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। বেশ চঞ্চল। আর গল্পটা প্রথম দিকে বেশ মজার হলেও শেষে খুব সুন্দর একটা বার্তা আছে, যা মানুষকে ভাবাবে।’
ধরি মাছ না ছুঁই পানি
আউটডোরে শুটিং করতে গেলে নানা বিড়ম্বনায় পড়তে হয় তারকাদের। টাঙ্গুয়ার হাওরের মতো জনপ্রিয় পর্যটন এলাকায় গিয়ে উত্সুক মানুষের ভিড় এড়িয়েছিলেন কিভাবে? পায়েলের জবাব, ‘তেমন কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। কারণ আমরা হাউসবোটে শুটিং করেছিলাম, আর চার পাশে পানি ছিল। এ ছাড়া তীরে যতক্ষণ ছিলাম, তখন আশপাশের মানুষকে সুন্দরভাবেই সামলে নেওয়া হয়েছিল। ফলে আমাদের বেগ পেতে হয়নি।’
এটা আমাদেরই গল্প
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করছেন পায়েল। সঙ্গে আছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল। পায়েল জানান, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে এ মাসজুড়ে। আসছে নভেম্বরে নাটকটির প্রচার শুরু হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
কেন ধারাবাহিক
পায়েলকে সাধারণত একক নাটকেই পাওয়া যায়। এই ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দর্শকের কাছেও গড়ে উঠেছে গ্রহণযোগ্যতা। কালেভদ্রে অভিনয় করেন ধারাবাহিকে। সে ক্ষেত্রে বিশেষ কারণ তো থাকেই। ‘এটা আমাদেরই গল্প’তে কী সেই কারণ? পায়েল বলেন, ‘এটা অবশ্য প্রচলিত ধারাবাহিক নাটক না; মানে এখানে অনেকগুলো পর্ব থাকবে, ব্যাপারটা এ রকম না। বেশ ছোট একটা ধারাবাহিক। গল্পটা খুব সুন্দর, আমার চরিত্রটাও বেশ ভালো। তাই মনে হয়েছে, করা যেতে পারে। মূল কথা হলো ভালো কাজ। সুতরাং একটা ভালো কাজ যখন পেয়েছি, তাহলে হোয়াই নট?’
ব্যস্ততার রেলগাড়ি
হালের অভিনেত্রী হিসেবে দারুণ ব্যস্ততায় যাচ্ছে পায়েলের সময়। একদিকে নাটকের শুটিং, অন্যদিকে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের হয়ে প্রচারণার কাজ। এ ছাড়া মিউজিক ভিডিওতেও দেখা দেন মাঝেমধ্যে। এসব ব্যস্ততার ফাঁকে নিজেকেও সময় দিতে ভোলেন না। তাই দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরে বেড়ান। প্রকৃতি ও মানুষকে চেনার ফাঁকে ফাঁকে নিজের ভেতরটাকেও কিছুটা চিনে নেন।









