সিল্কসিটিনিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে।
এর আগে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। মানববন্ধন কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে এবং অবস্থান কর্মসূচি পালন করেছিল দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে।
আজকের অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান করায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
অনশনে উপস্থিত বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও ভুয়া মামলায় নেত্রীকে কারাগারে নেওয়া হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজ প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি শুরু করেছি। যা বিকাল ৪টা পর্যন্ত চলবে।’
বাংলা ট্রিবিউন










