তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে যৌতুকের দাবিতে স্ত্রীর দুই কানের লতি ছিঁড়ে ফেলেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে।
এঘটনায় সোমবার বিকালে থানায় স্ত্রী ফরিদা বেগম (৩০) বাদী হয়ে তাঁর স্বামী রাজুসহ (৪০) তিন জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১২বছর আগে কুঠিপাড়া গ্রামের আলাউদ্দীনের মেয়ের ফরিদার সঙ্গে গোকুল গ্রামের মৃত গিয়াস উদ্দীনের পুত্র রাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকে ফরিদার স্বামীসহ তার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতন করে আসছে।


শনিবার রাতে যৌতুকের ৫০ হাজার টাকার দাবিতে ফরিদাকে তার স্বামী বেধড়ক মারপিট করার এক পর্যায়ে তার দুই কানের লতি ছিড়ে ফেলে আহত করে। স্থানীয় লোকজন ফরিদাকে তানোর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
ফরিদার বলেন, আমি দুই সন্তানের জননী। আমার স্বামী যৌতুকের জন্য আমাকে প্রায় মারপিট করে। তানোর থানা ওসি মির্জা আব্দুর সালাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
স/আর










