সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

নিউজ ডেস্ক১০ জুলাই ২০১৮২ মিনিট পড়া
ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকায় র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩৫) ও নাদিম ওরফে পঁচিশ (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে মিরপুরের বেড়িবাঁধ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু। অন্যজন নিহত নাদিম ওরফে পঁচিশ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী। নাদিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের অন্তত আটটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের একটি টহল দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। এ সময় একটি মোটরসাইকেলে কয়েকজনকে আসতে দেখে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেন। তবে তারা না শুনে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে বোমা ছোড়ে।

পরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এদিকে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি রবিউল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান ভাগভাগির করছে এমন খবর পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। র‌্যাবও তখন পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নাদিমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা, একটি শুটারগান, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এএসপি রবিউল আরও জানান, মোহাম্মদপুর থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের অন্তত আটটি মামলা রয়েছে।